ঢাকা-নারায়ণগঞ্জ রুটে আবার ট্রেন চলাচল শুরু ১ আগস্ট

নিউজ ডেস্ক:

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ১ আগস্ট থেকে ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

মঙ্গলবার (২৫ জুলাই) ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ পরিদর্শনে গিয়ে এসব তথ্য জানান তিনি।

নুরুল ইসলাম সুজন বলেন, আগামী ১ আগস্ট (মঙ্গলবার) থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু হবে। আর সেপ্টেম্বরের শেষে অথবা অক্টোবরের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে মাওয়া পর্যন্ত ট্রেন চলাচল উদ্বোধন করবেন। তার আগেই সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ঢাকা-মাওয়া রুটে ট্রেন চলাচলের ট্রায়ালরান হবে।

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী সব ট্রেন গত ৪ ডিসেম্বর থেকে সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ রেলওয়ে। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় ঢাকা থেকে গেণ্ডারিয়া অংশে তিনটি আলাদা রেললাইনের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করতে এ সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথের দৈর্ঘ্য ১২ দশমিক ১ কিলোমিটার। এ রুটে প্রতিদিন ২৬টি ট্রেনে অন্তত ৩০ হাজার মানুষ যাতায়াত করত।

  •  
  •  
  •  
  •