এনআইডি সার্ভার বন্ধ, বিপাকে সেবাপ্রত্যাশীরা
নিউজ ডেস্ক:
নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভার বন্ধ রয়েছে। রক্ষণাবেক্ষণের কাজের জন্য বুধবার (১৬ আগস্ট) সকাল থেকে সার্ভারটি বন্ধ রয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন এনআইডি উইংয়ের সিস্টেম ম্যানেজার মোহাম্মদ আশরাফ হোসেন।
এতে বিপাকে পড়েছেন জাতীয় পরিচয়পত্র সেবাপ্রত্যাশীসহ ইসির মাঠপর্যায়ের কর্মকর্তারাও। পরিচয়পত্রের আবেদন, সংশোধনসহ নানা কাজে সংশ্লিষ্ট কার্যালয়গুলো থেকে ফিরে গেছেন অনেকেই।
কমিশনের কর্মকর্তারা বলছেন, রক্ষণাবেক্ষণ কাজের জন্য মঙ্গলবার রাত থেকে সার্ভার বন্ধ রাখা হয়েছে, ‘শিগগিরই’ তা আবার চালু করা হবে।
মঙ্গলবার রাত থেকে সার্ভার মেনটেইনেন্সের কাজ শুরু হয়েছে জানিয়ে সিস্টেম ম্যানেজার বলেন, “এখন পর্যন্ত সার্ভারের কাজ চলমান রয়েছে। সরকারি ছুটি থাকলে আমরা মেনটেইনেন্সের কাজ করি।”
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মঙ্গলবার ছিল সরকারি ছুটি। বুধবার সকালে এনআইডি সার্ভারে ঢুকতে গিয়ে বিপাকে পড়েন অনেকে।
দেশের প্রায় ১২ কোটি নাগরিকের ব্যক্তিগত বিভিন্ন তথ্য রয়েছে এনআইডি সার্ভারে। ১৭১টি সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এ সার্ভার থেকে তথ্য নিয়ে কাজ করে। সার্ভার বন্ধ থাকায় সবগুলো সেবাই বিঘ্নিত হচ্ছে।

