ধানের জমির আইলে কৃষকের মানববন্ধন
নাটোর প্রতিনিধি:
নাটোরের চলনবিলসহ হালতিবিলে এখন সোনালী ধানের বিস্তীর্ণ মাঠ। কোথাও চলছে ধান কাটা আবার অনেকে ধান কাটার প্রস্তুতি নিচ্ছেন। এজন্য অনেকেই লেপাপোছা করে তৈরি করছেন ধানের খোলা ও নিজেদের ধানের গোলা। তবে ধান সোনালী রং এ রাঙ্গেনি কৃষকদের মন। কারন ধান উৎপাদনে যে খরচ হয়েছে তার ব্যয়ভার উঠছে না কৃষকদের। তাই কৃষকের মাঠ এখন মানববন্ধন ক্ষেত্রে পরিণত হয়েছে।
উৎপাদিত বোরো ধানের ন্যায্য মূল্য নিশ্চত ও সরকারী ভাবে ক্রয় সেন্টার খোলার দাবীতে নাটোরের হালতিবিলে ধানের জমির আইলে দাড়িয়ে মানববন্ধন কর্মসূচী পালন করেছে কৃষকরা।
শনিবার দুপুরে হালতিবিলের খোলাবাড়িয়া এলাকায় স্থানীয় কৃষকদের আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, প্রতি বিঘা জমিতে বোরো ধান আবাদ করতে কৃষকদের ১০ থেকে ১৪ হাজার টাকা খরচ হয়। কিন্তু বর্তমানে বাজারে প্রতি মন ধানের দাম মাত্র ৫ থেকে ৬ শ টাকা। যার কারনে কৃষকদের খরচের টাকাই উঠছে না।
এ অবস্থায় ধানের দাম এক হাজার টাকা করার জোর দাবী জানান তারা। এছাড়া সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কেনার জন্য সরকারী ভাবে কৃষকদের দ্বোর গোড়ায় ক্রয় সেন্টার খোলার দাবীও জানান তারা।

