থানচিতে চলছে সকাল-সন্ধ্যা হরতাল
বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানের থানচিতে অপহরণের দুই দিন পর বান্দরবানের ডিম পাহাড় থেকে তিন গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িতদের বিচার দাবিতে স্থানীয় ব্যবসায়ীদের ডাকে মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল শুরু হয়েছে।
সোমবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল শেষে মঙ্গলবার সকাল-সন্ধ্যা এ হরতালের ডাক দেন স্থানীয় ব্যবসায়ীরা। থানচি উপজেলা বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন জানান, থানচিতে তিন ব্যবসায়ীকে অপহরণ ও হত্যার ঘটনায় জড়িতদের বিচার দাবিতে মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল পালন করছেন ব্যবসায়ীরা।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ক্য হ্লা চিং মার্মা জানান, তিন ব্যবসায়ী হত্যার ঘটনায় উপজেলায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় বিক্ষুব্ধ ব্যবসায়ীরা বেশ কয়েকটি অফিসে ভাঙচুরও চালিয়েছেন। পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন।
প্রসঙ্গত, শুক্রবার বিকাল ৪টার দিকে তিন গরু ব্যবসায়ীকে অপহরণ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে শনিবার বিকালে থানচি থানার পুলিশ জসিম উদ্দিন ও জনত্রিপুরা নামের দু’জনকে আটক করে। সোমবার বিকেল ৩টার দিকে থানচি-আলিকদম সড়কে ডিম পাহাড়ের ২৮ কিলোমিটার এলাকা থেকে তিন ব্যবসায়ীর লাশ উদ্ধার করে পুলিশ।

