দ্বিতীয় দিনে চলেছে নৌযান শ্রমিকদের ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা

স্টাফ রিপোর্টার:
দ্বিতীয় দিনেও চলছে সর্বনিম্ন মজুরি ১০ হাজার টাকা নির্ধারণসহ ১৫ দফা দাবিতে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকা ধর্মঘট। এতে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন বন্দরে পণ্য উঠানামা বন্ধ রয়েছে। শুক্রবার সকাল থেকে সংগঠনটির ব্যানারে ধর্মঘট শুরু হয়েছে। দাবি আদায়ে বাংলাবাজার এলাকায় মিছিল করেছে শ্রমিকরা।

সকাল সাড়ে ৮টায় রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে গিয়ে এম ভি ফারহান-১ চাঁদপুরে উদ্দেশে ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিতে দেখা যায়। এর আগে, বরিশালের উদ্দেশে গ্রিন লাইন -৩ ছেড়ে গেছে বলে জানান বিআইডব্লিউটিএ এর ঘাট পরিদর্শক মো. মাহফুজ। সকালে বিশেষ ব্যবস্থায় দু-একটি লঞ্চ বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেলেও প্রয়োজনের তুলনায় তা ছিল খুবই কম। এতে ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের।

এদিকে একই দাবিতে শ্রমিক ধর্মঘটে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন বন্দরে পণ্য উঠানামা বন্ধ রয়েছে। শ্রমিকরা বলছেন, দীর্ঘদিন ধরে আলোচনা করেও দাবি পূরণ না হওয়ায় তারা ধর্মঘটে নেমেছেন। এর আগে, বৃহস্পতিবার থেকে নৌপথে লাগাতার কর্মবিরতি শুরু করেন নৌযানে কর্মরত শ্রমিক-কর্মচারীরা।

এছাড়া গতকাল যাত্রী পরিবহন সংস্থার উপদেষ্টা জানিয়েছিলেন, সন্ধ্যা থেকে বরিশাল, ভোলা, শরীয়তপুরসহ বিভিন্ন রুটে লঞ্চ ছেড়ে যাবে। পাশাপাশি আরো দুটি বিশেষ লঞ্চ ছাড়ারও ঘোষণা দিয়েছিল বিআইডব্লিউটিসি। এ ঘোষণা অনুযায়ী সন্ধ্যার পর বিভিন্ন গন্তব্যের পথে ছেড়ে যায় কয়েকটি যাত্রীবাহী লঞ্চ।

  •  
  •  
  •  
  •  

Tags: