খালেদার আত্মপক্ষ সমর্থন আবারও পিছিয়ে ৫ মে

নিজস্ব প্রতিনিধি:

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় প্রধান আসামি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের দিন আবারও পিছিয়ে আগামী ৫ মে পুনর্নির্ধারণ করেছেন আদালত। ওইদিন খালেদা জিয়াকে আদালতে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলা দু’টির বিচারিক কার্যক্রম চলছে রাজধানীর বকশিবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে।

সোমবার ৩৪২ ধারায় খালেদার আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য রয়েছে। তবে তিনি আদালতে হাজির হননি। তার পক্ষে অসুস্থতা ও মামলা স্থগিতে হাইকোর্টে আবেদন করা হয়েছে উল্লেখ করে দিন পেছাতে সময়ের দু’টি আবেদন জানান তার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া।

শুনানি শেষে এ আবেদন মঞ্জুর করেন আদালত। দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল।

এ নিয়ে তৃতীয় দফায় পেছালো আত্মপক্ষ সমর্থন। এর আগে গত ৭ ও ১৭ এপ্রিল আরও দু’দফা সময়ের আবেদন জানিয়ে দিন পিছিয়ে নেন খালেদা জিয়া।র্

খালেদার আইনজীবীরা মামলাটির বিচারিক কার্যক্রম স্থগিত রাখতে হাইকোর্টে আবেদন জানালেও সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটির পরে আগামী মাসের প্রথম সপ্তাহে শুনানি হবে বলে জানিয়েছেন উচ্চ আদালত। ওই আবেদনে গত ১৭ এপ্রিল তাদের দু’টি আবেদন খারিজ করে বিচারিক আদালতের দেওয়া আদেশ বাতিলেরও আরজি জানানো হয়েছে।

১৭ এপ্রিল খালেদার পক্ষে তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক হারুন-অর রশিদের পুনরায় সাক্ষ্যগ্রহণ ও জেরার দু’টি পৃথক আবেদন করেছিলেন তার আইনজীবীরা। শুনানি শেষে আবেদন দু’টি খারিজ করে দেন আদালত। এরপর খালেদার আইনজীবীরা খারিজের এ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করবেন বলে জানিয়ে আত্মপক্ষ সমর্থন পেছানোর আবেদন জানান। এর প্রেক্ষিতে ২৫ এপ্রিল দিন পুনর্নির্ধারণ করেছিলেন আদালত।

  •  
  •  
  •  
  •