খোলা আকাশের নিচে এনেছে কালবৈশাখী ঝড়!

আহমেদ নাসিম আনসারী, ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকুপার উমেদপুর ইউনিয়নের বিএলকে মীর ইসমাইল হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের সূত্রে জানা যায়, গত মার্চ মাসে শৈলকুপার উপর দিয়ে বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড়ে ওই বিদ্যালয়ের শ্রেনীর কক্ষের টিনের চালা লন্ডভন্ড হয়ে যায়। এর মধ্যে ৬ষ্ট ও ৭ম শ্রেনী কক্ষের টিনের চালা বেশী ক্ষতিগ্রস্থ হয়। যে কারনে ৩৫০ জন ছাত্র-ছাত্রীদের মধ্যে ৬ষ্ট ও ৭ম শ্রেনীর ১৬০ জন কোমলমতি ছাত্র-ছাত্রীদেরকে খোলা আকাশের নিচে পাঠদান করাতে বাধ্য হচ্ছে স্কুল কর্তৃপক্ষ।

ছাত্র-ছাত্রীরা জানায়, প্রচন্ড গরমে তারা দীর্ঘক্ষণ ধওে সব ক্লাস করতে পারছে না। স্থানীয় লোকজন স্কুল মাঠে গরু চড়ানোর কারনে খোলা মাঠে ক্লাস করতে খুবই অসুবিধা হচ্ছে। একটু বৃষ্টি হলেই ব্যহত হয় তাদের পাঠদান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক গহর আলী জানান, এভাবে যদি ক্লাস না নেই তবে আমাদের ৬ষ্ট ও ৭ম শ্রেনীর ক্লাস বন্ধ রাখতে হবে। ক্লাস বন্ধ রাখা কোন ভাবেই সম্ভব না।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মনিরুল ইসলাম জানান, স্কুল ফান্ডে পর্যাপ্ত অর্থ না থাকায় মেরামত করতে বিলম্ব হচ্ছে। আমরা ইতি মধ্যে যথাযথ কর্তৃপক্ষের নিকট দরখাস্ত করেছি।

এ বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন কোমলমতি শিক্ষার্থীদের উদ্বিগ্ন অভিভাবকেরা।

  •  
  •  
  •  
  •