সুন্দরবনে আগুনের ঘটনায় আটক ৪
খুলনা প্রতিনিধি:
সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে আগুন লাগার ঘটনায় জড়িত সন্দেহে ৪ জনকে আটক করেছে পুলিশ। রোববার সকালে শরণখোলা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- উত্তর রাজাপুর গ্রামের মোসলেম হাওলাদারের ছেলে রুস্তুম হাওলাদার (৫০), পশ্চিম রাজাপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে নজরুল ইসলাম (৩২), একই গ্রামের সুলতান হাওলাদারের ছেলে সোহেল হাওলাদার (২২) এবং জামাল হাওলাদারের ছেলে ইসাহাক হাওলাদার (৫০)।
বিষয়টি নিশ্চিত করে শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম মিয়া জানান, তাদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আগুনের ঘটনায় বনবিভাগ বন আদালতে এ পর্যন্ত ১৭ জনকে অভিযুক্ত করে ৩টি মামলা করে।
উল্লেখ্য, ২৭ মার্চ সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জে আগুন লাগে। এতে অন্তত ৩ একর বন পুড়ে যায়। ১৩ এপ্রিল দ্বিতীয়বারের মতো সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন এলাকায় আগুন লাগে। এর চারদিন পরে ১৮ এপ্রিল একই স্থানে আগুন লেগে প্রায় এক একর বনভুমি পুড়ে যায়। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে নাংলী ফাঁড়ির ইনচার্জ নাসির উদ্দিন হাওলাদারসহ তিন জনকে সাময়িক বরখাস্ত করা হয়। সর্বশেষ গত ২৭ এপ্রিল চতুর্থবার আগুন লাগার ঘটনা ঘটে।
এছাড়া ২০১৪ সালে চাঁদপাই রেঞ্জের গুলিশাখালী ক্যাম্পসংলগ্ন পয়ষট্টি ছিলা এলাকায় বনে আগুন লেগে অন্তত পাঁচ একর বনভূমি পুড়ে যায়। ২০১১ সালে ধানসাগর স্টেশনের নাংলি ক্যাম্প এলাকায় পোড়ে দুই একর বনভূমি।

