নিজামীর রিভিউ আবেদনের শুনানি শুরু
নিজস্ব প্রতিনিধি:
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর রিভিউ (রায় পুনর্বিবেচনা) আবেদনের শুনানি শুরু হয়েছে।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে এ রিভিউ পিটিশনের শুনানি শুরু হয়।
গত ৩ এপ্রিল রিভিউ পিটিশন শুনানির জন্য কার্যতালিকায় আসে। কিন্তু আসামি পক্ষ ৬ সপ্তাহ সময় চেয়ে আবেদন করলে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ এক সপ্তাহ সময় মঞ্জুর করে। সেই মোতাবেক গত ৭ এপ্রিল রিভিউ পিটিশন শুনানির জন্য আবার কার্যতালিকায় আসে। ওইদিনও আসামিপক্ষ সময় চেয়ে আবেদন দাখিল করেন। আপিল বিভাগ সময় মঞ্জুর করে ৩ মে শুনানির জন্য দিন ধার্য করে দেয়।
প্রসঙ্গত, একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অপরাধী হিসেবে মতিউর রহমান নিজামীকে ৬ জানুয়ারি ফাঁসির আদেশ দেন আপিল বিভাগ। ১৫ মার্চ আপিল বিভাগের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়। এরই মধ্যে নিজামীকে কারাগারে মৃত্যুপরোয়ানা পড়ে শোনানো হয়েছে। তবে বিধান অনুযায়ী রিভিউ আবেদন হলে তার নিষ্পত্তি হওয়ার আগে দণ্ড কার্যকর করা যাবে না।

