নাটোরে ৪০ হাজার ইয়াবাসহ আটক ৩, ট্রাক জব্দ
নাটোর প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুরে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ তিনজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এসময় ইয়াবা বহনের জন্য ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে।
বুধবার উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোল প্লাজা থেকে ওই ইয়াবা উদ্ধার ও তাদের আটক করা হয়।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোল প্লাজায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এসময় চট্রগ্রাম থেকে ছেড়ে আসা রাজশাহীগামী একটি ট্রাকে তল্লাশী চালানো হয়। তল্লাশীকালে চালকের সীটের নিচে ফ্যানের প্যাকেটের ভিতর থেকে ৪০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও চালক সহ তিনজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন ট্রাক চালক রাজশাহীর কাশিয়াডাঙ্গা এলাকার নাসিমুদ্দিনের ছেলে সেলিম রেজা,চালকের সহকারী মাঈনুল ইসলামের ছেলে হাসান আলী এবং পুঠিয়া থানার জসিম উদ্দিনের ছেলে কালু। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

