গণপূর্তমন্ত্রীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মামলা চলবে

নিজস্ব প্রতিনিধি:

ক্ষমতার অপব্যবহারের অভিযোগে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ২০০৭ সালে করা মামলা চলবে বলে রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ এ রায় দেন।

বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

মামলায় আদালতে ইঞ্জিনিয়ার মোশাররফের পক্ষে ছিলেন ব্যারিস্টার তানজিব-উল-আলম। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।

দুদকের আইনজীবী খুরশীদ আলম খান জানান, ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ২০০৭ সালে ইঞ্জিনিয়ার মোশাররফের বিরুদ্ধে চট্টগ্রামে একটি মামলা করে দুদক। ২০১২ সালে তদন্ত চলাকালে ইঞ্জিনিয়ার মোশাররফ হাইকোর্টে মামলা বাতিলের আবেদন করেন। ওই আবেদনের শুনানি শেষে হাইকোর্ট মামলা বাতিলের আদেশ দেন। এর বিরুদ্ধে দুদক ২০১৪ সালে আপিল করে। ওই আপিলের পর দীর্ঘদিন শুনানি শেষে আজ আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে দেন।

এ রায়ের ফলে মোশাররফের বিরুদ্ধে তদন্ত চলতে আর কোনো বাধা রইল না বলেও জানান তিনি।

  •  
  •  
  •  
  •  

Tags: