সাদুল্যাপুরে ৬ মাসে ১০৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় মাদক বিস্তার রোধে মাদক বিরোধী অভিযান অব্যহত রেখেছে থানা পুলিশ। গত ৬ মাসে পুলিশ অভিযান চালিয়ে ৫৬ মামলায় ১০৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এরমধ্যে থানায় নিয়মিত ২৬ মামলায় ৩৯ জন ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩০ মামলায় আরও ৬৬ জন মাদক ব্যবসায়ীকে দন্ড ও জরিমানা করা হয়।

গ্রেফতার এসব মাদক ব্যবসায়ীদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ফেনসিডিল, হিরোইন, ইয়াবা, গাঁজা ও চোলাই মদসহ বিভিন্ন মাদকদ্রব্য। উদ্ধার করা এসব মাদকদ্রব্যর মূল্যে প্রায় সাড়ে ৫ লাখ টাকা। গ্রেফতার এসব মাদক ব্যবসায়ীর মধ্যে বেশ কয়েকজন শীর্ষ মাদক ব্যবসায়ীও গ্রেফতার রয়েছে। এছাড়া একই সঙ্গে ভ্রাম্যমান আদালতে ৩০ জনের বেশি মাদকসেবীকে কারাদন্ড ও জরিমানা করা হয়।

দীর্ঘদিন ধরে সাদুল্যাপুর উপজেলার বেশ কয়েকটি মাদক ষ্পর্টে চিহ্নিত মাদক ব্যবসায়ীরা অবাধে রাতদিন ফেনসিডিল, ইয়াবা, হিরোইন, গাঁজা ও চোলাই মদসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে আসছেন। এরমধ্যে জানিপুর, মাজমপুর, ধাপেরহাট ও মীরপুর এলাকায় মাদক সরবরাহ বেশি। গত ৬ মাস ধরে সাদুল্যাপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এসব ষ্পর্টের মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনছেন।

সাদুল্যাপুর উপজেলায় মাদক রোধে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস অক্লান্ত পরিশ্রম করে অভিযান চালাচ্ছেন। এছাড়া ওসির তত্ববধানে থানার কয়েকজন চৌকস পুলিশ কর্মকর্তা মাদকের বিরুদ্ধে অভিযান অব্যহত রেখেছেন। তবে মাদক ব্যবসায়ী গ্রেফতার ও উদ্ধারে থানার উপ-পরিদর্শক (এসআই) রনি কুমার দাসের ভূমিকা অন্যতম। তিনি রাতদিন সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক ব্যবসায়ী গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধারে অভিযান চালাচ্ছেন।

গত ৬ মাসের অভিযানে তিনি বেশ কয়েকজন চিহ্নিত পেশাদার মাদক ব্যবসায়ীকে মাদকসহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। বিভিন্ন মাদক ষ্পর্টে এসআই রনির একের পর এক অভিযানে মাদক ব্যবসায়ীরা এখন গ্রেফতার আতংক রয়েছেন। আবার গ্রেফতার এড়াতে মাদক ব্যবসা বন্ধ করে গা ঢাকা দিয়েছে অনেকে।

সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস জানান, পুলিশের অভিযানের কারণে উপজেলার চিহ্নিত ষ্পর্টগুলোতে মাদক ব্যবসা কমে এসেছে। উপজেলায় মাদক রোধে পুলিশের অভিযান অব্যহত থাকবে। এ জন্য তিনি এলাকার সচেতন মানুষের সহযোগিতা কামনা করেন।

  •  
  •  
  •  
  •  

Tags: