মামলায় বিচার পেলাম না
ঝিনাইদহ প্রতিনিধি:
‘এভাবে কষ্ট করে কেউ বেঁচে থাকতে পারে না। মামলায় বিচার পেলাম না, দুই হাত হারিয়ে কর্ম করার শক্তি হারিয়ে ফেললাম। সন্তানদের কথা চিন্তা করে আজও বেঁচে আছি।’ এভাবেই ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আবদুল আজিজ (৪২) জানালেন তার জীবনের নির্মম পরিহাসের কথা।
বড় ছেলে বারাক আলী জানান, গত ২১ শে মে রাতে তার বাবা কালীগঞ্জ উপজেলার বলিদাপাড়া গ্রামে ফিরছিলেন। এ সময় চার-পাঁচজন সন্ত্রাসী তাঁর ওপর আক্রমণ করে। এলাকায় মাদক ব্যবসায়ীরা তাঁকে কুপিয়েছে।
তিনি আরও জানান, ২০০০ সালের ৩১ ডিসেম্বর উপজেলার সিংগী বাজারে একদল সন্ত্রাসী হামলা চালিয়ে তাঁর দুই হাত কেটে দেয়। পুলিশকে এক সন্ত্রাসীর ব্যাপারে তথ্য দেওয়ার কারণে অন্য সন্ত্রাসীরা তাঁর ওপর এ হামলা চালায়। কিন্তু ২০০৩ সালে রাজনৈতিক বিবেচনায় হয়রানিমূলক মামলা হিসেবে চিহ্নিত করে মামলাটি প্রত্যাহার করা হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, এ ব্যাপারে কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

