জাপানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী
ডেস্ক নিউজ:
জি-৭ শীর্ষ সম্মেলনের আউটরিচে মিটিংয়ে যোগ দিতে জাপানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আকাশ প্রদীপ ভিভিআইপি ফ্লাইট নং বিজি ১০৭৮-এ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান প্রধানমন্ত্রী।
জাপানের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টা নাগাদ দেশটির নাগোয়া প্রদেশের চুবু সেন্ট্রায়ার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী।
সেখানে তাকে স্বাগত জানাবেন জাপান সংসদের পররাষ্ট্র বিষয়ক ভাইস মিনিস্টার মিজ মিকি ইয়ামাদা ও টোকিওতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মিজ রাবাব ফাতিমা।
ঢাকা থেকে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন, পররাষ্ট্রসচিব শহীদুল হক, অর্থনৈতিক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন, অপর সিনিয়র সচিব ও সদস্য জিইডি অধ্যাপক ড. শামসুল আলম প্রমুখ।
এছাড়া সংবাদকর্মী, প্রধানমন্ত্রীর কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও ব্যবসায়ীদের একটি বড় দল প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন।
জানা গেছে, শনিবার শেখ হাসিনা শ্রীলংকার প্রেসিডেন্ট মিরথি পালা শ্রিসেনার সঙ্গে বৈঠক করবেন। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গেও এদিন তার বৈঠকের কথা রয়েছে। পরে প্রধানমন্ত্রী জাপানের রাজধানী টোকিওর উদ্দেশে ট্রেনে নাগোয়া ত্যাগ করবেন। সন্ধ্যায় তিনি টোকিওতে নবনির্মিত চ্যান্সেরি কমপ্লেক্স উদ্বোধন করবেন।
রোববার সকালে প্রধানমন্ত্রী জাপানি ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে ব্রেকফাস্ট বৈঠকে মিলিত হবেন। সেখানে বাংলাদেশের ব্যবসায়ী নেতৃবৃন্দের সংস্থা এফবিসিসিআই এবং জাপানের ব্যবসায়ী নেতৃবৃন্দের সংস্থা ‘জেটরো’র মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। এদিন বিকেলে প্রধানমন্ত্রী জাপানপ্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন।
সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানের হেনাডা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে বিমানের একটি ফ্লাইটে টোকিও ছাড়বেন। বাংলাদেশ সময় রাত পৌনে ১২টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটির ঢাকায় অবতরণের কথা রয়েছে।

