তিন পার্বত্য জেলায় চলছে হরতাল
চট্টগ্রাম প্রতিনিধি:
পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ ও পার্বত্য গণশ্রমিক পরিষদের ডাকে দেশের তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে হরতাল চলছে।
বৃহস্পতিবার সকাল থেকে হরতাল শুরু হয়েছে। এতে দুরপাল্লা ও অভ্যন্তরীণ সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
হরতালের সমর্থনে কোনো পিকেটিং হয়নি। তবে যে কোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সর্তক অবস্থায় রয়েছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে ৮ মে পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাক্যাম্প প্রত্যাহারের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ঘোষণা বাতিলের দাবিতে হরতাল কর্মসূচির আহবান করেছেন বাঙালিভিত্তিক স্থানীয় সংগঠন তিনটি।
তাদের দাবি- পাহাড়ে অপহরণ, মুক্তিপণ, গুম, চাঁদাবাজি, খুন, ধর্ষণ, রাহাজানি ও টোকেন বাণিজ্য বন্ধ না হওয়া পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে রাষ্ট্রের প্রয়োজনে সেনাবাহিনীর অবস্থান থাকতে হবে।
এছাড়া সেনাবাহিনীর অনুপস্থিতিতে পার্বত্য এলাকায় বিভিন্ন দেশের বিচ্ছিন্নতাবাদীরা অপরাধের স্বর্গরাজ্য ও নিরাপদ আস্তানা গড়ে তুলবে।

