৩৫০০০ পিস অবৈধ পলিব্যাগ ধ্বংস
আহমেদ নাসিম আনসারী, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজারে সোমবার বিকালে অবৈধ পলিব্যাগ রাখার অপরাধে চার ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ঝিনাইদহ এনডিসি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ বছির আহম্মেদ এ আদালত পরিচালনা করেন।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, ডাকবাংলা বাজারে ফিরোজ আহম্মেদ, শহিদুল ইসলাম, মুন্না হোসেন ও ইউনুছ বিশ্বাস ব্যবসা প্রতিষ্ঠানে অবৈধ পলিব্যাগ রয়েছে। এমন খবরে ঝিনাইদহ র্যাব-৬ এর উপ সহকারী পরিচালক (ডিএডি) জহুরম্নল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ডাকবাংলা বাজারে অভিযান চালিয়ে ওই চার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৫ লাখ টাকা মূল্যের ৩৫ হাজার পলিব্যাগ উদ্ধার করে।
পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে ফিরোজ আহম্মেদকে ও শহিদুল ইসলামকে ৫ হাজার, মুন্না হোসেনকে ২ হাজার ও ইউনুছ বিশ্বাসকে ১ হাজার টাকা জরিমানা করে। পরে উদ্ধারকৃত পলিব্যাগ নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে আগুণে পুড়িয়ে ধ্বংস করে। ঝিনাইদহ এনডিসি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ বছির আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

