চট্টগ্রামে সাদা পোশাকে অভিযান, গণপিটুনির শিকার পুলিশ
চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের আনোয়ারায় সাদা পোশাকে মাদক আস্তানায় অভিযানের সময় গণপিটুনির শিকার হয়েছেন নগর গোয়েন্দা পুলিশের (ডিবি) চার সদস্য।
মঙ্গলবার সন্ধ্যায় পারকি সমুদ্র সৈকতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- উপ-পরিদর্শক (এসআই) মাসুদ, উপ-সহকারি পরিদর্শক (এএসআই) নুরুল আবছার, কনস্টেবল আরমান ও সাইফুল।
সহকারী কমিশনার (এসি) জাহেদুল ইসলাম জানান, সাদা পোশাকে ডিবির একটি টিম কর্ণফুলী থানার পার্কির চর এলাকায় ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতারে অভিযানে যায়। টের পেয়ে মাদকব্যবসায়ীরা তাদের ওপর হামলা করে। সে সময় মাদক ব্যবসায়ীদের সঙ্গে স্থানীয়রাও যোগ দিয়ে গণপিটুনি দেয়। পরে আহতাবস্থায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে কনস্টেবল সাইফুল প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেলেও অন্যরা চিকিৎসাধীণ রয়েছেন।
স্থানীয়রা জানান, পার্কির চরের দোকানদান ইয়াবা ব্যবসায়ী সেলিমের কাছে সাদা পোশাকের ডিবির একটি টিম চাঁদা দাবি করলে সেলিমের নেতৃত্বে স্থানীয়রা ডিবির ওই টিমকে গণপিটুনি দেয়।
হামলার পর নগর গোয়েন্দা পুলিশ ও কর্ণফুলী থানা পুলিশের একাধিক টিম পারকি সৈকতে গিয়ে সাঁড়াশি অভিযান শুরু করেছে বলে জানান কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

