নাটোরে জেলা স্বেচ্ছা সেবক দলের সহ-সভাপতির ওপর সন্ত্রাসীদের হামলা- আশংকাজনক অবস্থায় রামেকে ভর্তি
নাটোর জেলা প্রতিনিধি:
নাটোরে জেলা স্বেচ্ছা সেবক দলের সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামন আসাদকে গুলি ও কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। আজ বুধবার দুপুরে সাড়ে ১২ টার দিকে শহরের র্কালেক্টরেট স্কুল এলাকায় এ ঘটনা ঘটে। আহত আসাদকে প্রথমে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হলে তার অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নাটোর শহরের বড় হরিশপুর এলাকার আসাদুজ্জামন আসাদ মোটর সাইকেলযোগে একটি মামলায় হাজিরা দিতে আদালতে হাজিরা শেষে বাড়ি ফিরছিলেন। পথে জেলা প্রশাসকের কার্যালয়ের অদূরে কালেক্টরেট স্কুলের সামনে ৫/৬ জন সন্ত্রাসী আসাদকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে। এ সময় আসাদ মাটিতে পড়ে গেলে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্বক জখম করে। এতে আসাদের এক হাত ও এক পায়ের রগ কেটে যায়। গুলির শব্দ পেয়ে স্থানীয়রা এগিয়ে গেলে হামলাকারীরা মোটর সাইকেল যোগে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।
এ ব্যাপারে নাটোরের সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম পুলিশ সুপারের কার্যালয়ের কয়েকশ গজ দূরে হামলার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসাদের উপর হামলার খবর পেয়ে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। ঘটনাস্থলসহ আসাদের বাড়ি হরিশপুর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ব্যাপারে জেলা বিএনপির সভাপতি সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, সরকার ঢাকাসহ সারা দেশে বিরোধী দলের নেতাকর্মি শূণ্য করতে বিভিন্ন স্থানে হামলা অব্যাহত রেখেছে। আসাদের উপর আওয়ামী সন্ত্রাসীরা দিনে দুপুরে গুলি ও কুপিয়ে আহত করে প্রমান করলো দেশে মানুষের নিরাপত্তা বলে কিছু নেই। তিনি এ ঘটনার ন্দিা ও বিচার দাবী করেছেন।

