অপহরণ করে মুক্তিপন দাবী, অপহৃত যুবক উদ্ধার, গ্রেফতার ২

জিল্লুর রহমান পলাশ, গাইবান্ধা প্রতিনিধি:

প্রেমের ফাঁদে ফেলে মোশারফ হোসেন (৩০) নামে এক যুবককে অপহরণ করে মুক্তিপন দাবী করার একদিন পর তাকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জোৎস্না বেগম (২৫) ও এরশাদ আলীকে (২৮) গ্রেফতার করা হয়েছে।
সাদুল্যাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের কিশামত শেরপুর গ্রামের শাহিন মিয়ার বাড়ী থেকে বুধবার সকালে তাকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় পর অপহৃত যুবক মোশারফ হোসেন বাদী হয়ে সাদুল্যাপুর থানায় ১০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন।
গ্রেফতার জোৎস্না বেগম রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার পদ্মপুকুর গ্রামের রহিম উদ্দিনের মেয়ে ও এরশাদ আলী সাদুল্যাপুর উপজেলার কিশামত শেরপুর গ্রামের মকলেছুর রহমানের ছেলে।

অপহৃত মোশারফ হোসেন রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বিরাহিমপুর গ্রামের জাহেদুল ইসলামের ছেলে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, মঙ্গলবার রাতে এরশাদ আলী ও জোৎস্না বেগমসহ ১০ জনের একটি সংঘবন্ধ চক্র জোৎস্না বেগমের দ্বারা মোবাইল ফোনে মোশারফকে প্রেমের ফাঁদে ফেলে সাদুল্যাপুর শহরে আসতে বলে। পরে মোশারফ সাদুল্যাপুর বাজারে আসলে সংঘবদ্ধ চক্রটি তাকে ফুসলিয়ে উপজেলার কিশামত শেরপুর গ্রামের শাহিন মিয়ার বাড়ীতে নিয়ে গিয়ে আটক করে রাখে। এসময় তারা মোশারফকে বেধরক মারপিট করে তার পরিবারের কাছে মোবাইল ফোনে ২ লাখ ৫০ হাজার টাকা মুক্তিপন দাবী করে। পরে বিষয়টি মোশারফের পরিবার জানতে পেরে সাদুল্যাপুর থানা পুলিশকে অবগত করে।
সাদুল্যাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রনি কুমার দাস জানান, খবর পেয়ে কিশামত শেরপুর গ্রামের শাহিন মিয়ার বাড়ীতে অভিযান চালানো হয়। এসময় হাত-পা বাঁধা অবস্থায় মোশারফকে উদ্ধার করা হয়। এছাড়া শাহিনের বাড়িতে থাকা জোৎস্না ও এরশাদ আলীকে গ্রেফতার করা হয়।

সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার দুই জনকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

এছাড়া অপহরণের সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
উল্লেখ্য- দীর্ঘদিন ধরে জোৎস্না একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে বিভিন্ন এলাকার যুবক ছেলেদের প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা করে আসছে। এছাড়া ওই চক্রটি আরও বিভিন্ন প্রতারণা ও অপরাধ কর্মকান্ড চালিয়ে আসছেন।

  •  
  •  
  •  
  •  

Tags: