ফের বিড়ি-সিগারেটের দাম বাড়ছে

নিজস্ব প্রতিবেদক:
২০১৬-১৭ অর্থবছরের বাজেটে বিড়ি-সিগারেটের দাম বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বৃহস্পতিবার জাতীয় সংসদে নতুন অর্থবছরের জন্য বাজেট পেশ করেন তিনি।

মুহিত বলেন, দীর্ঘদিন ধরে সিগারেটের মূল্যসীমা নির্ধারণ করে দেওয়ার একটি রেওয়াজ প্রচলিত ছিল। এটি বাজার অর্থনীতিতে মোটেও কাম্য নয়। এখন শুধু সিগারেটের সর্বনিম্ন মূল্যই নির্ধারণ করা হবে।

সিগারেটের সর্বনিম্ন মূল্য ১৮ থেকে বৃদ্ধি করে ২৩ টাকা নির্ধারণের প্রস্তাব করেন মন্ত্রী। এর সঙ্গে অন্য প্রস্তাব হলো, সম্পূরক শুল্ক হার ৪৮ শতাংশ থেকে বৃদ্ধি করে ৫০ শতাংশ নির্ধারণ করা এবং এর ঊর্ধ্বে যে দু’টি স্তরে সম্পূরক শুল্ক বিদ্যমান আছে সেটি ৬১ এবং ৬৩ শতাংশ থেকে বাড়িয়ে ৬২ ও ৬৪ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেন তিনি।

বক্তব্যে তিনি বলেন, বিড়ির ভয়াবহতা সিগারেটের চেয়ে বেশি। একসময় দেশের দরিদ্র জনগণের বিনোদনের একমাত্র অবলম্বন ছিল বিড়ি। কিন্তু বর্তমান সরকারের অর্জিত ব্যাপক অর্থনৈতিক সমৃদ্ধির ফলে দেশের প্রত্যন্ত অঞ্চলেও বিনোদনের অনেক উপাদান পৌঁছে গেছে। এ ছাড়া বিড়ি উপখাতটি অনেক সংকুচিত হয়ে গেছে। এ খাতে নিয়োজিত শ্রমিকের সংখ্যাও বর্তমানে নগণ্য।

বর্তমানে ফিল্টারবিহীন ২৫ শলাকার বিড়ির বাজারজাত মূল্য হলো ৭ টাকা ৬ পয়সা আর ফিল্টারযুক্ত ২০ শলাকার প্রতি প্যাকেটের মূল্য হলো ৭ টাকা ৯৮ পয়সা।

দুই ধরনের বিড়ির ক্ষেত্রে বিদ্যমান সম্পূরক শুল্ক হার যথাক্রমে ২৫ ও ৩০ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ থেকে ৩৫ শতাংশে বৃদ্ধি করার প্রস্তাব করেন তিনি। এছাড়াও ফিল্টারবিহীন ২৫ শলাকার প্যাকেটের দাম হবে সাড়ে ১০ টাকা আর ফিল্টারযুক্ত ২০ শলাকার প্যাকেটের দাম হবে ১২ টাকা।

এর পাশাপাশি ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সিগারেটের মতো বিড়ি, জর্দা, গুলসহ সব ধরনের তামাকজাত পণ্য উৎপাদন ব্যবসা থেকে অর্জিত করযোগ্য আয়ের ওপর ৪৫ শতাংশ হারে কর আরোপের প্রস্তাব করা হয়েছে।

জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের জন্য ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

  •  
  •  
  •  
  •  

Tags: