জনপ্রতি সর্বনিম্ন ৬৫ টাকা ফিতরা নির্ধারণ
নিজস্ব প্রতিবেদক:
গম বা আটার বাজারমূল্য হিসাব করে এবার সর্বনিম্ন ফিতরা করা হয়েছে জনপ্রতি ৬৫ টাকা। বুধবার ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ফিতরা নির্ধারণী সভার পর ফাউন্ডেশনের পরিচালক আবদুস সালাম এই সিদ্ধান্তের কথা জানান।
১ কেজি ৬৫০ গ্রাম গম বা আটা অথবা খেঁজুর, কিসমিস, পনির বা যবের মধ্যে যে কোনো একটি পণ্যের ৩ কেজি ৩০০ গ্রামের বাজারমূল্য ফিতরা হিসেবে গরিবদের মধ্যে বিতরণ করা যায়।
এই হিসেবে এবার সর্বনিম্ন ৬৫ টাকা থেকে ১ হাজার ৬৫০ টাকা ফিতরা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা মো. নিজাম উদ্দিন।
গত বছর সর্বনিম্ন ফিতরা ধরা হয়েছিল জনপ্রতি ৬০ টাকা; তার আগের বছর ছিল ৬৫ টাকা।
আবদুস সালামের সভাপতিত্বে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ওই সভায় ফিতরা নির্ধারণী কমিটির সদস্য ও বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

