রক্তদানে সেঞ্চুরি করলেন জাকারিয়া বিশ্বাস

নিজস্ব প্রতিবেদক:
রক্তদানে সেঞ্চুরি করেছেন খুলনার জাকারিয়া বিশ্বাস (৬০)। তিনি ৩০ বছরে ১০০ ব্যাগ রক্ত স্বেচ্চায় দান করেছেন। তার রক্তে নতুন জীবন পেয়েছে অনেকে।

বিশ্ব রক্তদাতা দিবসে তাকে সম্মাননা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শহীদ ডা. মিলন হলে মঙ্গলবার আয়োজিত সেমিনারে ৩০ জনকে ক্রেস্ট দেওয়া হয়। এদের মধ্যে জাকারিয়া বিশ্বাস সর্বোচ্চ রক্তদাতা।

বিএসএমএমইউ’র উপাচার্য ডা. কামরুল হাসান খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সবার হাতে ক্রেস্ট তুলে দেন। জাকারিয়া বিশ্বাস খুলনার বৈঠাঘাটা উপজেলার জিনাই খালী গ্রামের মৃত মো. ওমর আলী বিশ্বাসের ছেলে। ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যা সন্তানের জনক।

জাকারিয়া বিশ্বাস বলেন, ১৯৮৬ সাল থেকে তিনি রক্ত দিয়ে আসছেন। ৮৬ সালে তার চোখের সামনে সড়ক দুর্ঘটনা ঘটে। এ সময় আহত একজনকে তিনি হাসপাতালে নিয়ে যান। তার রক্তের প্রয়োজন হলে তাকে রক্ত কিনে দেন। তিন দিন পরে ওই আহত ব্যক্তিকে দেখতে তিনি হাসপাতালে যান। সেখানে গিয়ে দেখেন- স্বেচ্চায় রক্ত দেওয়া কর্মসূচি চলছে। তিনি অনেকের সঙ্গে কথা বলে জানতে পারেন, সেই রক্ত টাকার বিনিময়ে বিক্রি হবে না। বিনামূল্যে দেওয়া হবে। ওই দিন থেকে জাকারিয়া বিশ্বাস সন্ধানীর মাধ্যমে রক্ত দান শুরু করেন। এখনো তিনি দিয়ে আসছেন।

তিনি বলেন, ‘লেখাপড়া বেশি দূর করা হয়নি। অষ্টম শ্রেণী পর্যন্ত পড়েছি। আমার রক্তে যদি কারো উপকার হয়, তাতে ক্ষতি কী? যতদিন রক্ত দেওয়া যাবে, আমি ততদিনই রক্ত দিয়ে যাব।’

সন্ধানীর বাংলাদেশ মেডিক্যাল কলেজ ইউনিটের মনির হোসেন বলেন, জাকারিয়া হোসেন নিয়মিত ডোনার। তিনি রক্ত সৈনিক। নিয়মিত রক্ত দেওয়ার পাশাপাশি সন্ধানীতে অবসরে এসে সময় কাটান।

বিশ্ব রক্তদাতা দিবসে ‘রক্তের বন্ধনে একত্রিত সবাই’- শীর্ষক সেমিনার যৌথভাবে আয়োজন করে স্বাস্থ্য অধিদপ্তর, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (বাংলাদেশ) ও সন্ধানী। ‘আপনার রক্তেই জীবন আমার, রক্তদানে হোক জীবন সঞ্চার’- স্লোগানে এ বছর পালিত হচ্ছে বিশ্ব রক্তদাতা দিবস।

  •  
  •  
  •  
  •