ঝিনাইদহে পৃথক সড়ক দূর্ঘটনায় নারীসহ দুইজন নিহত
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে সদর ও শৈলকুপা উপজেলায় পৃথক সড়ক দূর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। বুধবার রাতে এই দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ঝিনাইদহে সদর উপজেলার এনায়েতপুর গ্রামে মনোয়ার হোসেনের ছেলে আলী কদর (৩২) ও শৈলকুপা উপজেলার বড়দা গ্রামের মাছুদ রানার স্ত্রী রোজিনা খাতুন (২৯)।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান হাফিজুর রহমান জানান, গত রাতে ঝিনাইদহ থেকে আলমসাধু যোগে সাধুহাটীর দিকে যাওয়ার সময় পথিমধ্যে আমের চারা এলাকায় আলমসাধুটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার উপর সিটকে পড়ে। এতে ৭ জন আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। এর মধ্যে আলী কদরের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়।
এদিকে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানায়, রোজিনা রাস্তা পার হচ্ছিলেন। সেসময় অজ্ঞাতনামা একটি গাড়ী তাকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়।

