সাঘাটায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

জিল্লুর রহমান পলাশ, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সাঘাটা উপজেলায় মোছা. সুমি বেগম (২১) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর দিঘলকান্দি গ্রামে বুধবার সকালে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ বুধবার দুপুরে লাশটি উদ্ধার করে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

সুমি বেগম সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর দিঘলকান্দি গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী ও একই গ্রামের শুকুর উদ্দিনের মেয়ে।

এদিকে, এ ঘটনায় সুমির স্বামী আলমঙ্গীর হোসেনকে (২৫) আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, গত এক বছর আগে সুমির সঙ্গে আলমগীরের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে দাম্পত্য কলহ লেগে ছিল। বুধবার সকালে সুমির লাশ বিছানায় পড়ে থাকতে দেখতে পায় পরিবারের লোকজন। পরে তারা বিষয়টি পুলিশকে জানায়।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে সুমির লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। সুমির মৃত্যুর বিষয়টি রহস্যজনক। তবে তার শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। কিভাবে সুমির মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত রিপোর্ট পেলে জানা যাবে।

তিনি আরও জানান, ঘটনার পর বুধবার বিকেলে সুমির স্বামী আলমগীরকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সুমির বাবা শুকুর উদ্দিনের অভিযোগ, বিয়ের পর থেকে স্বামী আলমগীর ও শশুরবাড়ির লোকজন তার মেয়েকে নির্যাতন করে আসছিল। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তিনি সাঘাটা থানায় হত্যা মামলা করবেন বলেও জানান।

  •  
  •  
  •  
  •