বন্ধুর বাড়িতে যাওয়া হলোনা নিরবের….
নাটোর প্রতিনিধি :
বন্ধুর বাড়িতে আর যাওয়া হলোনা নিরবের। বাড়িতে বেড়াতে আসা খালাতো ভাইকে সাথে নিয়ে সাইকেল যোগে বন্ধুর বাড়িতে যাওয়ার পথে ঘাতক ট্রাক কেড়ে নিল তাদের প্রাণ। নাটোরের লালপুরে শনিবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার কৃষ্ণপুর এলাকার চিনির বটতলায় ট্রাকের চাপায় নিহত হয় এই দুই ভাই। নিহতরা হলো, লালপুরের,জৌদ্দবগী এলাকার হারাধন সরকারের ছেলে এবং শ্রী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্র নিরব কুমার (১৪) এবং তার বাড়িতে বেড়াতে আসা পাবনার চাটমোহর উপজেলার নতুন বাজার এলাকার বিপ্লব সরকারের ছেলে স্কুল ছাত্র আকাশ সরকার (বিজয়) (১০)।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই তালুকদার জানান, পাবনার ঈশ্বরদী থেকে রাজশাহীর বাঘাগামী দ্রুতগতীর একটি ট্রাক লালপুরের রামকৃষ্ণপুর চিনির বটতলা এলাকায় সাইকেল আরোহী নীরব এবং আকাশকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই নিরব কুমারের মৃত্যু হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে আকাশ সরকারকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করলেও ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। তবে প্রত্যক্ষদর্শীর দেওয়া ট্রাকের নম্বর অনুযায়ী ট্রাকটি আটকের চেষ্টা চালানো হচ্ছে বলে জানান ওসি।

