রসিকের ৮শ’ কোটি টাকার বাজেট ঘোষণা

সনজিৎ কুমার মহন্ত:
রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) ২০১৬-১৭ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার বেলা ১টায় নগর ভবনের হল রুমে সিটি মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু এ বাজেট ঘোষণা করেন। প্রারম্ভিক স্থিতি ৫৫ লাখ ৬৭ হাজার ৫২৫ টাকাসহ চতুর্থবারের মতো ঘোষিত বাজেটে আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮শ’ ১ কোটি ২৪ লাখ ৭ হাজার ৬২০ টাকা। যার মধ্যে রাজস্ব খাত থেকে ৪৬ কোটি ৮ লাখ ৪০ হাজার ৯৫ টাকা এবং উন্নয়ন সহায়ক খাত থেকে ৭ শ’ ৫৪ কোটি ৬০ লাখ টাকা আয় নির্ধারণ করা হয়েছে। নতুন কোন করারোপ ছাড়াই বাজেটে রাজস্ব খাতের গৃহ ও ভূমির উপর সর্বোচ্চ ১০ কোটি ৩০ লাখ ১২ হাজার ৯৫ টাকা এবং উন্নয়ন সহায়ক খাতে ডিপিপি থেকে ২শ’৯০ কোটি টাকা আয় ধরা হয়েছে। এছাড়াও জলবায়ু প্রকল্প বাবদ ১শ’৬০ কোটি এবং সিজিপি (জাইকা) থেকে ১শ’৫০ কোটি টাকা আয় ধরা হয়েছে। ঘোষিত বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ৭’শ ৯৮ কোটি ৭৭ লাখ ৯৬ হাজার ২৮৯ টাকা। এর মধ্যে রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে ৪৪ কোটি ৭৭ লাখ ৯৬ হাজার ২৮৯ টাকা এবং উন্নয়ন সহায়ক খাতে ব্যয় ধরা হয়েছে ৭ শ’ ৫৪ কোটি টাকা। ব্যয়ের চেয়ে আয় বেশি থাকায় বাজেটে উদ্ধৃত্ত দেখানো হয়েছে ২ কোটি ৪৬ লাখ ১১ হাজার ৩৩১ টাকা। উল্লেখ্য, ২০১৫-১৬ অর্থবছরে রংপুর সিটি কর্পোরেশনের বাজেট ঘোষণা করা হয়েছিল ৬শ’ ৪৫ কোটি ৫ লাখ ৭২ হাজার ৭৮৪ টাকা।
বাজেট ঘোষণার আগে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন। এসময় প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা আব্দুল হাকিম, প্যানেল মেয়র, কাউন্সিলরবৃন্দসহ রংপুরে কর্মরর্ত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বাজেট ঘোষণার পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সিটি মেয়র ঝন্টু।
এসময় সিটি মেয়র বলেন-আগামী অর্থ বছরে পূর্বের ১৫ টি ওয়ার্ডে উন্নয়ন বরাদ্দ কমিয়ে নতুন ১৮টি ওয়ার্ডে উন্নয়ন বরাদ্দ বেশি রাখার পরিকল্পনা গ্রহন করা হয়েছে। এছাড়াও যানজট নিরসন, বিনোদন কেন্দ্র নির্মাণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সর্বাধিক গুরত্ব দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

  •  
  •  
  •  
  •