রংপুরে নকল বিড়ি ও জাল ব্যান্ডরোলসহ গ্রেফতার দুই

সনজিৎ কুমার মহন্ত
রংপুরের কাউনিয়ায় নকল বিড়ি ও জাল ব্যান্ডরোলসহ দুই জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। সোমবার ভোরে উপজেলার হারাগাছ পৌর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় উদ্ধার করা হয় প্রায় দেড় লাখ টাকা মূল্যের নকল আকিজ বিড়ি ও দশ হাজার টাকা মূল্যের ৮৪ শীট জাল ব্যান্ডরোল। রংপুর জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হোসেন আলী জানান -গোপন সূত্রে খবর পেয়ে তার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে হারাগাছ পৌরসভা এলাকার মিয়া পাড়ার মৃত হেফাজ উদ্দিনের ছেলে শরিফুল ইসলাম (৩৮) ও শফিকুল ইসলামের ছেলে আক্তারুল (২০) কে নিজ বাড়ি থেকে আটক করে। পরে বাড়িতে তল্লাশী চালিয়ে ৬ বস্তা নকল আকিজ বিড়ি ও ৮৪ শীট জাল স্ট্যাম ব্যান্ডরোল উদ্ধার করা হয়। তিনি আরও জানান-এ ঘটনায় গোয়েন্দা পুলিশের এসআই জিয়া বাদি হয়ে আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

  •  
  •  
  •  
  •