মোবাইল ফোনের সুবিধা থেকে বঞ্চিত লালমনিরহাটের ৫৯টি বিলুপ্ত ছিটবাসী

লালমনিরহাট সংবাদদাতা:
জাতীয় পরিচয়পত্র না থাকায় বিলপ্ত ছিটবাসিরা বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন করতে পারেনি। ফলে গত ১জুন থেকে তাদের ব্যবহৃত সিম বন্ধ হয়ে যায়। এদিকে আগামী ১০ জুলাই থেকে শুরু হচ্ছে বিলুপ্ত ছিটমহলবাসীদেরকে ভোটার তালিকায় অন্তর্ভূক্তির জন্য ছবি তোলাসহ অন্যান্য কাজ এবং তা চলবে ১৫ জুলাই পর্যন্ত। সরেজমিনে বিভিন্ন বিলুপ্ত ছিটমহলের বাসিন্দাদের সাথে যোগাযোগ করে জানাগেছে, জাতীয় পরিচয়পত্র না পাওয়ায় এখনো তারা তাদের সিম বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করতে পারেননি। তাই সরকারী নির্দেশনা অনুযায়ী ১জুন থেকে লালমনিরহাটের ৫৯টি বিলুপ্ত ছিটমহলের প্র্ায় এক লাখ বাসিন্দাদের অনিবন্ধিত সিমগুলো বন্ধ হয়ে যায়। যার ফলে মোবাইল ফোনের যোগাযোগ সুবিধা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এখানকার বাসিন্দারা। বর্তমানে জরুরী প্রয়োজনে তারা মোবাইল ফোনে কারো সাথে যোগাযোগ করতে পারছেনা। বিলুপ্ত ছিটমহলবাসীরা জরুরী প্রয়োজনে ছিটের পাশে বাজারে এসে বা পরিচিত অন্য কারো মোবাইল ফোন থেকে আত্মীয়স্বজন ও বন্ধু-বান্ধবের সাথে কথা বলছেন।

এদিকে মোবাইল ফোন অপারেটররা জানিয়েছেন, সরকারী নির্দেশ মতে জাতীয় পরিচয়পত্র ছাড়া বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন সম্ভব নয়। বিলুপ্ত ছিটবাসীরা জাতীয় পরিচয়পত্র আনলেই বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন হবে।জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম বলেন, আগামী ১০ জুলাই থেকে বিলুপ্ত ছিটমহলের বাসিন্দাদের ভোটার তালিকা হালনাগাদের প্রাথমিক কাজ শুরু হবে এবং আগামী ৪ সেপ্টেম্বরের মধ্যে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির কাজ শেষ করে তাদের জাতীয় পরিচয় পত্র দেয়া হবে। তবে জাতীয় পরিচয়পত্র হাতে পেতে বিলুপ্ত ছিটমহলের বাসিন্দাদের আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। আর এই ২ মাসের বেশি সময় ধরে মোবাইল ফোনের যোগাযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকতে হবে এখানকার বাসিন্দাদের।

  •  
  •  
  •  
  •