কুড়িগ্রাম জেলা থেকে দুই উপজেলা বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রের প্রতিবাদে কুড়িগ্রামে মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ
রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম :
উপজেলাবাসীর মতামত উপেক্ষা করে রৌমারী ও রাজিবপুর উপজেলাকে কুড়িগ্রাম জেলা থেকে বিচ্ছিন্ন করে জামালপুর জেলার সাথে যুক্ত করার ষড়যন্ত্রের প্রতিবাদে কুড়িগ্রামে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে কুড়িগ্রাম জজ কোর্ট সড়কে ঘন্টাবাপী মানব বন্ধন শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামীরীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, সাবেক এমপি ও রৌমারী উপজেলা সভাপতি মোঃ জাকির হোসেন, কুড়িগ্রাম পৌর মেয়র আব্দুল জলিল ও পাবলিক প্রসিকিউটর এডভোকেট আব্রাহাম লিংকন প্রমুখ।
বক্তারা বলেন, রৌমারী ও রাজিবপুর উপজেলার মানুষের সাথে কুড়িগ্রাম তথা রংপুর বিভাগের মানুষের আত্মিক সর্ম্পকের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক সম্পর্ক দীর্ঘদিনের। এ দুই উপজেলাকে জামালপুর জেলার সাথে যুক্ত করার চেষ্টা করা হলে কঠোর আন্দোলনের মাধ্যমে হুমকী দেন বক্তারা। পরে জেলা প্রশাসকরে মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

