গাইবান্ধায় রাজউক মডেল স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্রকে হত্যা
জিল্লুর রহমান পলাশ, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মো. ওবায়দুল্লা লুৎফি (১৫) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রকে হত্যা করেছে দুবৃর্ত্তরা। গোবিন্দগঞ্জ উপজেলা শহরের বিটিসিএল অফিস চত্বরে শনিবার ভোর রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ সকাল সাড়ে ১০টার দিকে বিটিসিএল অফিস চত্বর থেকে লাশ উদ্ধার করেছে।
ওবায়দুল্লা লুৎফি গোবিন্দগঞ্জ উপজেলা শহরের প্রধানপাড়ার মাদ্রাসা শিক্ষক আবদুর রশিদ সালাফির ছেলে। লুৎফি ঢাকার রাজউক মডেল স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র ছিল।
স্থানীয়ারা জানান, বিটিসিএল অফিস চত্বরে শনিবার সকালে লুৎফির মুখমন্ডল থেতলানো রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখতে পায় স্থানীয়রা। পরে তারা বিষয়টি পুলিশে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
লুৎফির বাবা আবদুর রশিদ সালাফি জানান, লুৎফি ঢাকায় থেকে পড়াশুনা করে। ঈদের ছুটিতে কয়েকদিন আগে সে গোবিন্দগঞ্জের বাসায় আসে। শনিবার ভোর রাতে সেহরী খাওয়ার একটু আগে লুৎফি বাসা থেকে বের হয়ে বাহিরে যায়। এরপর সে আর বাসায় ফেরেনি। পরে বিটিসিএল চত্বরে লাশ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ সনাক্ত করি।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, লুৎফির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লুৎফির মুখ, গলায় থেতলানো দাগ রয়েছে। এছাড়া কোমর ও পায়ে আঘাতের চিহ্ন আছে। ধারনা করা হচ্ছে তাকে কিল ঘুষি মেরে হত্যার পর লাশ ফেলে যায় দূর্বৃত্তরা।
এ ঘটনায় লুৎফির পরিবারের পক্ষ থেকে গোবিন্দগঞ্জ থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। এছাড়া হত্যাকান্ডের সঙ্গে জড়িত দূর্বৃত্তদের সনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

