ঝিনাইদহে শেষ মুহুর্তে বেড়েছে টুপি, আতর, সুরমা বিক্রি
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে ঈদুল ফিতর উপলক্ষে শহরের প্রধান সড়কের ধারে টুপি আতর সুরমা নিয়ে পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। কেন্দ্রীয় জামে মসজিদের ধারে টুপি ও আতরের পাইকারি দোকানগুলোতে এখন প্রচুর ভিড়।
এক ক্রেতা মমিনুর রহমান জানালেন, ঈদের সার্বিক কেনাকাটার পাশাপাশি টুপি, আতর যেন অপরিহার্য।
এক দোকানী জানান, ঈদের আগের এ সময়টাতেই টুপি বিক্রি বেড়ে যায়। ঈদের সময়টাতে টুপি আতর বিক্রিতে পারতপক্ষে কোন দরদাম হয় না।
দোকানী ইসলাম জানান, দেশে তৈরি টুপি ছাড়াও বিদেশী টুপি এসেছে অনেক। দেশী প্রতিটি টুপি ১০ টাকা থেকে চার শ’ টাকার মধ্যে। দামী টুপি আছে যেমন- হাজী টুপি, কাশ্মিরী টুপি, শাহী টুপি। এদিকে টুপির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে আতর বিক্রি। আতর আসে বিভিন্ন দেশ থেকে। ভারত, ইরান, দুবাই, সৌদি আরব এমনকি ইউরোপের দেশ থেকে আতর আসছে। পাথর সুরমা এবং গুঁড়ো সুরমা দুই রকমই পাওয়া যায়।

