কমিউনিটি রেডিও ‘রেডিও সারাবেলা’ ৯৮.৮ এর উদ্বোধন
জিল্লুর রহমান পলাশ, গাইবান্ধা প্রতিনিধি:
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেনন, ‘কমিউনিটি রেডিও জাতীয় টেকসই লক্ষ্যমাত্রা অর্জনসহ গ্রামীণ আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষা, স্বাস্থ্য, সচেতনতা ও জঙ্গীবাদ প্রতিরোধের পাশাপাশি এলাকার অবহেলিত সাহিত্য ও সংস্কৃতির উন্নয়নে কমিউনিটি রেডিও অত্যান্ত গুরুত্বপূর্ণ অবদান রাখবে’।
তথ্য মন্ত্রী আরও বলেন, ‘বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ৭ বছরে গণ মাধ্যমের ব্যাপক উন্নয়ন ও প্রসার ঘটিয়েছে। সারাদেশে চালু করেছে ৩২টি কমিউনিটি রেডিও। এছাড়া জঙ্গীবাদের বর্বরতার কাছে মাথা নত না করে এই সরকার মানুষের কল্যাণে সাংবিধানিক, গণতান্ত্রিক ও নির্বাচন প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছে। বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে জঙ্গী দমন, দুর্নীতি প্রতিরোধ ও সামাজিক বৈষম্য দূর করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য অর্জনে কাজ করা’।
এসকেএস ফাউন্ডেশন পরিচালিত গাইবান্ধা জেলা শহরের রাধাকৃষ্ণপুর এসকেএস ইনএ কমিউনিটি রেডিও ‘রেডিও সারাবেলা’ ৯৮.৮ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে মঙ্গলবার দুপুরে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি এসব কথা বলেন।
এসকেএস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রাসেল আহমেদ লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ, পুলিশ সুপার মো. আশরাফুল ইসলাম, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের পরিচালক (গবেষণা) ড. তাপস কুমার বিশ্বাস, বিএনএনআরসির প্রধান নির্বাহী কর্মকর্তা এএইচএম বজলুর রহমান, গাইবান্ধা পৌরসভার মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, জেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রশিদ সরকার, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, সাঘাটা উপজেলা চেয়ারম্যান এএইচএম গোলাম শহীদ রঞ্জু, জাসদ সভাপতি মুক্তিযোদ্ধা শাহ শরিফুল ইসলাম বাবলু, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক প্রমুখ।
এরপর তথ্যমন্ত্রী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা জাসদ আয়োজিত জাসদ মনোনীত নবনির্বাচিত জনপ্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন।
জেলা জাসদ সভাপতি মুক্তিযোদ্ধা শাহ শরিফুল ইসলাম বাবলুর সভাপতিত্বে জাসদ মনোনীত ৩ জন চেয়ারম্যান গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের আব্দুস সালাম জাকির, পলাশবাড়ির মনোহরপুর ইউনিয়নের মিজানুর রহমান চুটটু ও সাঘাটার জুমারবাড়ির রোস্তম আলী আকন্দ ও গাইবান্ধা পৌরসভার নবনির্বাচিত দু’জন কাউন্সিলর কামাল আহমেদ ও তানজিমুল ইসলাম পিটারকে সংবর্ধনা দেয়া হয় ও শপথ গ্রহণ করা হয়।
এসময় বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ডা. একরাম হোসেন, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রাঙা, জাসদ কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এসএম খাদেমুল ইসলাম খুদি, সাধারণ সম্পাদক গোলাম মারুফ মনা, নুরুজ্জামান প্রধান, জিয়াউল হক জনি, খোরশেদ আলী খান, সুজন প্রসাদ, রুবেল মিয়া, রাকিব হাসান সীমান্ত, শাহাদত হোসেন সবুজ প্রমুখ।

