ময়মনসিংহ-১ ও ময়মনসিংহ-৩ আসনের উপনির্বাচন কাল

ময়মনসিংহ প্রতিনিধি:
আগামীকাল সোমবার ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) ও ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের উপনির্বাচন। ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এই দুটি আসনে ভোট গ্রহনের জন্য নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬২ হাজার ৬৯৪ জন। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক সাবেক সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনের ছেলে জুয়েল আরেং ও স্বতন্ত্র প্রার্থী সেলিমা খাতুন। এ আসনে ১৩৩টি ভোটকেন্দ্রে নির্বাচন অনুষ্ঠান হবে এবং ২ হাজার ৯২৬ জন পুলিশ ও আনসার সদস্য ভোটকেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। এছাড়া ৫৭টি মোবাইল টিম ও ১৯টি স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করা হয়েছে।

অপর দিকে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৬ হাজার ২৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ১৩ হাজার ৮৯২ জন ও মহিলা ভোটার ১ লক্ষ ১২ হাজার ৩৪৩ জন। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত (নৌকা) মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাজিম উদ্দিন আহমেদ, জাপা মনোনীত (লাঙ্গল) জাতীয় পার্টির উপজেলা সভাপতি সামছুজ্জামান জামাল, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল মতিন মাস্টার (কুড়েঁঘর), ময়মনসিংহ জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপি (একাংশের) যুগ্ম আহব্বায়ক হাফেজ মোঃ আজিজুল হক (মটরগাড়ী) , ইসলামী ঐক্য জোটের নেতা মাওলানা আবু তাহের খান (মিনার) প্রতিদ্বন্দীতা করছেন। এ আসনের ৮৭টি ভোটকেন্দ্রে কমপক্ষে ১ হাজার ৯১৪ জন পুলিশ ও আনসার সদস্য ভোটকেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। এছাড়া ৩৫টি মোবাইল টিম ও ১২ টি স্ট্রাইকিং ফোর্স নিয়োজিত রয়েছে।

উল্লেখ্য, গত ২ মে ময়মনসিংহ-৩ আসনের সংসদ সদস্য (এমপি) ডা. মজিবুর রহমান ফকির এবং ১১ মে ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য (এমপি) ও সাবেক সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন মৃত্যুবরণ করায় আসন দু’টি শূণ্য ঘোষণা করা হয়। পরে গত ৯ জুন আসন দু’টিতে নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

  •  
  •  
  •  
  •