আসামিকে ছিনিয়ে নিতে ছাত্রলীগের হামলা, ২ পুলিশ আহত
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
ইভটিজিংয়ের আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। ওই সময় পুলিশের এক নারী উপপরিদর্শকসহ (এসআই) দুই পুলিশ সদস্য আহত হয়েছে।
সোমবার (১৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে সিদ্ধিরগঞ্জের পূর্ব নিমাইকাশারি এলাকায় এক নারীকে উত্ত্যক্তের অভিযোগে ছাত্রলীগ নেতাকে আটক করার পরে ওই হামলা চালানো হয়। এছাড়াও পুলিশ ছাত্রলীগের নেতাসহ সাতজনকে আটক করেছে।
আটককৃতরা হলো- হাবিবুর রহমান হাবিব (২৫), আল মামুন (২৩), জাহাঙ্গীর আলম সাকিব (২৪), মনোয়ার আহমেদ তামিম (২৪), কবিরিয়া সাকিফ (২৪) সাইফুল ইসলাম রাহুল (১৯) ও বাবু (২০)।
তাদের মধ্যে হাবিবুর রহমান হাবিব সিদ্ধিরগঞ্জ ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ও আল মামুন সাধারণ সম্পাদক পদে রয়েছে। এছাড়া বাকিরা ছাত্রলীগের কর্মী হিসাবে পরিচিত।
আহত সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সুমনা পারভীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘সিদ্ধিরগঞ্জের এক কলেজ ছাত্রীকে উত্ত্যক্তের (ইভটিজিং) অপরাধে নোমান (১৮) নামে খোঁজ করতে গেলে তার ভাই আল মামুনসহ বেশ কয়েকজন বাধা দেয়। এরপর তারা পুলিশের ওপর হামলা চালায়।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, ইভটিজিংয়ের অভিযোগে তদন্ত করতে গেলে কয়েকজন পুলিশের এসআই সুমনা পারভীন ও কনস্টেবল জুলকারনাহিনের ওপর হামলা চালায়। পরে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সাতজনকে আটক করে। এছাড়াও আহত দুই পুলিশ সদস্যকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

