ঢাকার খিলগাঁওয়ে নর্থ সাউথ শিক্ষার্থীসহ একই পরিবারের ৫ সদস্য নিখোঁজ

নিজস্ব প্রতিনিধি:
রাজধানীর খিলগাঁও চৌধুরীপাড়া হতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ একই পরিবারের ৫ সদস্য ১০ মাস যাবত নিখোঁজ রয়েছেন।

সোমবার রামপুরা থানার ওসি বিষয়টি নিশ্চিত করে জানান, নিখোঁজদের আত্মীয়-স্বজনদের সঙ্গে কথা বলা হচ্ছে।

তবে এ ব্যাপারে থানায় কোনো জিডি (সাধারণ ডায়েরি) করা হয়নি বলেও জানান তিনি।

তিনি বলেন, খিলগাঁও চৌধুরীপাড়ার ৪২২/বি নং বাসার ঘটনা এটি। নিখোঁজরা হলেন, ডা. রোকন উদ্দিন, তার স্ত্রী নাইমা আক্তার, বড় মেয়ে নাদিয়া ও তার স্বামী শিশির এবং ছোট মেয়ে রামিতা।

এর মধ্যে নাদিয়া ও শিশির নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী বলে জানা গেছে। নাইমা আক্তার কবি নজরুলর কলেজের অধ্যাপক। ডা. রোকন উদ্দিন ঢাকা শিশু হাসপাতালে কর্মরত ছিলেন। ছোট মেয়ে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।

ওই বাসার কেয়াটেকার মো. হেলাল উদ্দিন জানান, গত ১০ রমজানে ভ্রমণের উদ্দেশে সপরিবারে মালয়েশিয়া যান ডা. রোকন উদ্দিন। তবে যাওয়ার সময় তারা বলেন, যদি কোনো মুসলিম দেশ ভালো লাগে তাহলে ওখানে থেকে যাবেন। আর দেশে ফিরবেন না।

তবে মালয়েশিয়া যাওয়ার আগে ডা. রোকন উদ্দিন চাকরি থেকে ইস্তফা দেন বলে জানা গেছে।

পুলিশের ধারণা, মালয়েশিয়ার নাম করে তারা সপরিবারে সিরিয়ায় গিয়ে আইএসেও যোগদান করতে পারেন।

  •  
  •  
  •  
  •