সেই প্রতিবন্ধী রাসেলের দায়িত্ব নিল উপজেলা প্রশাসন

নাটোর প্রতিনিধি:
দুই হাত নেই। ডান পা নেই। বাঁ পা রয়েছে, তা-ও আবার স্বাভাবিকের চেয়ে অনেক ছোট। সেই পায়ের আঙুলের ফাঁকে কলম রেখে সিংড়া দমদমা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় দিচ্ছে শিশু রাসেল। সে সিংড়া পৌর শহরের শোলাকুড়া গ্রামের দিন মজুর কৃষক আব্দুর রহিম মৃধার ছেলে। তার এই অদম্য স্পৃহা শিক্ষক, সাংবাদিক সহ সকলকে বিস্মিত করেছে শিরোনামে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশের পর প্রতিবন্ধী রাসেলের লেখাপড়ার দায়িত্বের আনুষ্ঠানিক ঘোষণা দিলো সিংড়া উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার কেন্দ্র পরিদর্শনে এসে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) জাহেদুল ইসলাম এই ঘোষণা দেন। সেই সাথে তিনি ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ ও শিক্ষা উপকরণ প্রদান করেন। এছাড়া প্রতিবন্ধী রাসেলের লেখাপড়ার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সিংড়া উপজেলা প্রেসক্লাব ও চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও সবুজ বাংলাদেশ24.কম এর প্রধান বার্তা সম্পাদক মো. আব্দুর রহমান।

প্রতিবন্ধী রাসেল তাকে সহযোগিতার জন্য সকলকে ধন্যবাদ জানান। তিনি আরও জানান, ইতিপূর্বে তার স্কুলে যাওয়া-আসার জন্য আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তাকে একটি ভ্যান রিক্সা প্রদান করেন। এখন তার একটি কম্পিউটারের ইচ্ছা প্রকাশ করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহেদুল ইসলাম জানান, জেলা প্রশাসক বেগম শাহিনা খাতুনের নির্দেশ ক্রমে প্রতিবন্ধী শিশু রাসেলের লেখাপড়াসহ তথ্য প্রযুক্তি বিষয়ে দায়িত্ব নেয়া হয়েছে। সেই সাথে তার জীবন সংগ্রামে সকল কাজে সব সময় উপজেলা প্রশাসন তার পাশে থাকবে বলে আশ্বাস প্রদান করেন।

  •  
  •  
  •  
  •  

Tags: