রাশিয়ায় বন্ধ হতে যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম লিঙ্কডইন

আন্তর্জাতিক ডেস্ক:

গোপনীয়তা আইন ভঙ্গের দায়ে ব্যবসা ও কর্মসংস্থান ভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম লিঙ্কডইন রাশিয়ায় বন্ধ করে দেওয়া হতে পারে বলে জানিয়েছে দেশটির মস্কোর একটি আদালত।

রাশিয়ান আইনে গত বছরের সেপ্টেম্বরে প্রথমবারের মতো ব্যক্তিগত ডেটা স্টোরেজের উপর বিধিনিষেধ জারি করা হয়। রাশিয়ার নিয়ম অনুযায়ী, গ্রাহকের তথ্য দেশের মধ্যেই সার্ভারে সংরক্ষিত থাকতে হবে। কিন্তু লিঙ্কডইন সেই আইন অমান্য করেছে। আর এ অভিযোগের ভিত্তিতে উচ্চ আদালতের রায় প্রকাশিত হলেই দেশটিতে বন্ধ করা হবে লিঙ্কডইন।

তবে লিঙ্কডইন কর্তৃপক্ষ বলছে, এই আইন রাশিয়ার লাখো গ্রাহককে এই মাধ্যম ব্যবহারে বাধা দিচ্ছে এবং এর মাধ্যমে যে সকল প্রতিষ্ঠান ব্যবসা বাড়াচ্ছে তাদের ক্ষেত্রেও বাধা সৃষ্টি করবে।

পাশ্চাত্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর প্রতি ক্রমশই বাড়ছে রাশিয়ার বিদ্বেষ। কেননা যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে এবং বিভিন্ন হ্যাকের ঘটনায় রাশিয়াকেই দায়ী করছে যুক্তরাষ্ট্র।

প্রসঙ্গত, গত মাসে লিঙ্কডইন, ড্রপবক্স এবং তৃতীয় আরেকটি ওয়েবসাইট হ্যাকের সঙ্গে জড়িত সন্দেহে চেক রিপাবলিকের প্রাগ শহরে ২৯ বছর বয়সী এক রাশিয়ান নাগরিককে গ্রেফতার করা হয়েছে।

সূত্র: সিএনএন

  •  
  •  
  •  
  •  

Tags: