ভারতে আইফোন উৎপাদনের সিদ্ধান্ত চূড়ান্ত
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক:
মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাপলের জন্য গুরুত্বপূর্ণ বাজার ভারত। প্রতিষ্ঠানটির জনপ্রিয় ও একমাত্র স্মার্টফোন ব্র্যান্ড আইফোন। বৈশ্বিক স্মার্টফোন বাজারে এই এক ডিভাইস দিয়েই বাজিমাত করছে প্রতিষ্ঠানটি। ডিভাইস ব্যবসার পরিসর বিস্তৃত করতে চীনের পাশাপাশি এবার ভারত থেকে আইফোন উৎপাদন বিষয়ে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অ্যাপল। খবর স্টার অনলাইন।
২ ফেব্রুয়ারি ভারতের কর্ণাটক রাজ্য সরকার জানায়, তারা অ্যাপলের পক্ষ থেকে প্রাথমিকভাবে আইফোন উৎপাদন কার্যক্রম শুরুর একটি প্রস্তাবনাকে স্বাগত জানিয়েছে। অর্থাৎ ক্রমান্বয়ে দেশটি থেকে আইফোন উৎপাদনের দিকেই এগোচ্ছে অ্যাপল।
কর্ণাটক রাজ্য সরকার বিবৃতিতে জানায়, বেঙ্গালুরুতে উৎপাদন কারখানা করতে চায় অ্যাপল। দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে এ রাজ্যে প্রযুক্তি ইকোসিস্টেম ও সরবরাহ চেইন উন্নয়ন করতে আগ্রহী প্রতিষ্ঠানটি। বর্তমানে দক্ষিণ ভারতের এ রাজ্য থেকে আইফোন উৎপাদন ও সংযোজনের মাধ্যমে বিশ্ববাজারে প্রতিযোগিতায় শামিল হওয়ার খুঁটিনাটি দিকগুলো বিবেচনা করে দেখা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রমতে, অ্যাপল কর্ণাটক রাজ্যে উৎপাদন কারখানা স্থাপনের বিষয়ে আগ্রহী হলেও এ বিষয়ে এখনো কোনো চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষর হয়নি। কর্ণাটক থেকে আইফোন সংযোজন করতে চাইলে প্রযুক্তি প্রতিষ্ঠানটিকে প্রথমে একটি প্লান্ট স্থাপন করতে হবে। এক্ষেত্রে তাইওয়ানভিত্তিক উৎপাদন সহযোগী উইসট্রন করপোরেশনের সঙ্গে যৌথভাবে কারখানা স্থাপন করা হতে পারে। বিষয়টি ঘিরে অ্যাপলের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বৈশ্বিক প্রযুক্তি খাতের গুরুত্বপূর্ণ বাজার ভারত। বিশেষ করে মোবাইল ডিভাইসের সবচেয়ে দ্রুত ক্রমবর্ধমান বাজার এটি। কিছুদিন ধরেই দেশটি থেকে আইফোন সংযোজনের আগ্রহ প্রকাশ করে আসছে অ্যাপল।
পরিকল্পনার অংশ হিসেবে গত সপ্তাহে প্রতিষ্ঠানটির এক প্রতিনিধি দল কর্ণাটক রাজ্য সরকার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে। ভারত থেকে আইফোন সংযোজন কার্যক্রম পরিচালনার জন্য কর অব্যাহতি চায় অ্যাপল। সংশ্লিষ্টরা বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কিছুদিন ধরে লবিং করে আসছেন।
বৈঠক বিষয়ে অ্যাপল জানায়, স্থানীয়ভাবে আইফোন উৎপাদন ও সংযোজন বিষয়ে সরকারের কর্মকর্তাদের সঙ্গে গঠনমূলক আলোচনা হয়েছে। তারা এ পরিকল্পনার ভূয়সী প্রশংসা করেছেন। ভারত থেকে আইফোন সংযোজন কার্যক্রম শুরু হলে ডিভাইস বাজারে এক নতুন মাত্রা যোগ হবে। তবে উৎপাদনের বিষয়টি নির্ভর করছে ভারত সরকারের ইচ্ছার ওপর। কারণ এক্ষেত্রে প্রযুক্তি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কর অব্যাহতিসহ বেশকিছু সুযোগ-সুবিধা চাওয়া হয়েছে।
জানুয়ারিতে দেশটির তথ্যপ্রযুক্তিমন্ত্রী রবি শঙ্কর প্রসাদ জানান, ভারতে আইফোন উৎপাদনের বিষয়ে অ্যাপলের পক্ষ থেকে যেসব দাবি রাখা হয়েছে সেগুলো বিবেচনা করা হচ্ছে। বিনিয়োগের ক্ষেত্রে বিশেষ সুযোগ-সুবিধা পেতে পারে এ প্রতিষ্ঠান।
বৃহস্পতিবার অ্যাপলের প্রস্তাবনা বিবেচনায় নিয়ে কর্ণাটক রাজ্য সরকার জানায়, যে কোনো খাত-সংশ্লিষ্ট নতুন উদ্যোগকে সফল করতে সুবিধাজনক বিনিয়োগ পরিবেশ সৃষ্টির লক্ষ্যে তারা প্রতিশ্রুতিবদ্ধ। এক্ষেত্রে সব ধরনের ছাড় দিতে প্রস্তুত রয়েছে রাজ্য সরকার।
সংশ্লিষ্ট সূত্রমতে, চলতি বছরের এপ্রিলেই ভারতে আইফোন উৎপাদন শুরু করবে অ্যাপল। কারখানা স্থাপনের জন্য বেঙ্গালুরুর পিনইয়াকে বেছে নেয়া হয়েছে। গৃহীত পরিকল্পনা বাস্তবায়ন হলে শুরুতে সংযোজন কার্যক্রম ও পরে এখানেই তৈরি হবে আইফোন। এতে আইফোনের দাম অনেকটাই কমে যাবে।
তাইওয়ানভিত্তিক ফক্সকন অ্যাপলের অন্যতম পণ্য সরবরাহকারী। এই প্রতিষ্ঠানটিও ভারতে কারখানা স্থাপনের মাধ্যমে আইফোন তৈরির আগ্রহ প্রকাশ করেছিল। কিন্তু পরে সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ায় তারা। বর্তমানে ভারত থেকে শাওমি ও ওয়ানপ্লাস ফোন তৈরি করছে এ প্রতিষ্ঠান।
ভারতের বাজারে অ্যাপল পণ্যের জনপ্রিয়তা ধীরে ধীরে বাড়ছে। দাম কম হলে বিক্রির পরিমাণ বেড়ে যাবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

