প্রযুক্তির কারণেই ধ্বংস হবে মানবসভ্যতা: স্টিফেন হকিং
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক:
‘যুদ্ধ ও নানা রোগের কারণে পৃথিবী দিন দিন বিপজ্জনক একটা জায়গায় পরিণত হচ্ছে’ গত সেপ্টেম্বরে এমন দাবি করেছিলেন বিজ্ঞানী স্টিফেন হকিং। এবার তিনি বললেন, ‘প্রযুক্তিতে নিয়ন্ত্রণ আরোপ না করা হলে মানবসভ্যতা ধ্বংস হতে পরে পারে।’
স্টিফেন হকিং বলেছেন, ‘মহাবিশ্বের অন্য কোথাও যদি মানুষ যেতে না পারে তবে মানবসভ্যতার আর কোনো ভবিষ্যত নেই। মানবসভ্যতার ভবিষ্যতের জন্য প্রযুক্তিতে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। তা না হলে প্রযুক্তিই মানুষকে ধ্বংস করতে পারে।’
কৃত্রিম বুদ্ধিমত্তার বিপদ নিয়েও এর আগে স্টিফেন হকিং বলেছিলেন, ‘এ বিপদ থেকে উদ্ধারের একমাত্র আশা বৈশ্বিকভাবে তা নিয়ন্ত্রণ। নিউক্লিয়ার এবং বায়োলোজিক্যাল যুদ্ধের যে হুমকি রয়েছে তা থেকে বাঁচতে যুক্তি এবং বুদ্ধিমত্তা ছাড়া আর কোনো উপায় নেই।’
তিনি বলেন, ‘এখন যেকোনোভাবে প্রযুক্তি এতটাই এগিয়ে গেছে যে, এ সংক্রান্ত আগ্রাসন আমাদের ধ্বংস করে দিতে পারে।’ তবে মানুষ এ চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন।
হকিং বলেন, ‘আমরা এমন প্রযুক্তি তৈরি করেছি যা আমাদের ধ্বংস করতে পারে আর এখন আমাদের এমন একটা সময়ের জন্য প্রস্তুত থাকতে হবে যেখানে রোবট আমাদের প্রাত্যহিক জীবনের অনেক কাজ করে দেবে। হতে পারে কয়েক শতকে বিভিন্ন নক্ষত্রে আমরা বসতি স্থাপন করবো। কিন্তু এখন আমাদের কেবল একটিই গ্রহ রয়েছে আর তা রক্ষায় আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।’

