পৃথিবীর চেয়ে দেড় গুণ বড় নতুন গ্রহের সন্ধান
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক:
পৃথিবীর চেয়ে দেড় গুণ বড় নতুন গ্রহের সন্ধান মিললো। এই গ্রহের খোঁজ পেয়েছেন জার্মানির ম্যাক্স প্লাঙ্ক ইনস্টিটিউটের বিজ্ঞানীরা। তারা জানান, পৃথিবীর থেকে প্রায় দেড় গুণ বড় ‘জিজে ১১৩২বি’ নামে ওই গ্রহটির চারপাশে বায়ুমণ্ডলের স্তর রয়েছে। সেটি ‘জিজে ১১৩২’ নামে একটি তারাকে কেন্দ্র করে পাক খাচ্ছে। বায়ুমণ্ডল থাকার ফলেই ওই গ্রহটি কিছুটা আলো শুষে নেয়। সে তথ্য টেলিস্কোপে ধরা পড়েছে। টেলিস্কোপে ধরা পড়া তথ্যকে কম্পিউটারে ফেলে বিশ্লেষণও করা হয়েছে।
সেই তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞানীদের ধারণা, ওই গ্রহের বায়ুমণ্ডলে জল ও মিথেন থাকতে পারে। তেমনটা হলে প্রাণের অস্তিত্বের কথাও উড়িয়ে দেওয়া যায় না।
পৃথিবী থেকে ওই গ্রহ অবশ্য ৩৯ আলোকবর্ষ দূরে। অর্থাৎ আলোর গতিতে ছুটলেও পৌঁছতে ৩৯ বছর লাগবে। বায়ুমণ্ডলে জল ও মিথেনের ধারণা যে অভ্রান্ত তা-ও বলছেন না বিজ্ঞানীরা। তারা জানাচ্ছেন, এ নিয়ে নিশ্চিত হওয়ার তথ্য মেলেনি।
মহাকাশবিজ্ঞানীদের অনেকে এই আবিষ্কারকে এখনই বড় মাপের সাফল্য বলতে নারাজ। তাদের যুক্তি, এমন আবিষ্কার আরও রয়েছে। কিন্তু সেগুলির কোনওটি শেষ পর্যন্ত যুগান্তকারী আবিষ্কার হয়ে ওঠেনি। এই মহাবিশ্বে পৃথিবীই একমাত্র গ্রহ যেখানে প্রাণের অস্তিত্বের প্রমাণ মিলেছে। ফলে শুধু বায়ুমণ্ডল থাকলেই হবে না, প্রাণের উপযোগী তাপমাত্রা এবং পরিবেশও থাকতে হবে। সূর্যের থেকে পৃথিবীর দূরত্ব, বায়ুমণ্ডল—সব কিছু মিলিয়েই প্রাণের উপযোগী পরিবেশ রয়েছে। এই নয়া গ্রহে ঠিক তেমন উপযোগী অবস্থা রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিজ্ঞানীদের অনেকে।

