গবেষণাগারে প্রথমবারের মত বেড়ে উঠল মানব ডিম্বাণু

নিউজ ডেস্ক:

মা হতে চান এমন অনেক মহিলাই বিভিন্ন কারণে ভ্রূণের অপরিণত অবস্থায় গর্ভপাতের শিকার হন। তাদের জন্য একটি সুখবর রয়েছে। বিজ্ঞানীরা এই প্রথম গবেষণাগারে অর্থাৎ মানব দেহের বাইরে কৃত্রিম উপায়ে মানব ডিম্বাণু তৈরি করতে সক্ষম হয়েছেন।

সম্প্রতি ‘মলিকিউলার হিউম্যান রিপ্রোডাকশন’ জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্রে এই যুগান্তকারী সাফল্যের খবরটি জানানো হয়। তবে, সবটা এখনো পরীক্ষা-নিরীক্ষার পর্যায়েই রয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

অল্প বয়সে ক্যানসার আক্রান্ত হওয়ায় রেডিওথেরাপি ও কেমোথেরাপি নেয়ার ফলে যাদের গর্ভপাতের আশঙ্কা বেড়ে গেছে, তাদের ক্ষেত্রে এই পদ্ধতি উপযোগী হতে পারে বলে দাবি করেছেন গবেষকরা।

প্রাথমিকভাবে সফল হলেও একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ বলছেন, এই পদ্ধতিতে ডিম্বাণু তৈরির ফলে ক্যানসার আক্রান্ত কোষগুলো পরের প্রজন্মে চলে যাওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।

এডিনবরা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী এভলিন টেলফার দাবি করেছেন, ‘যেহেতু ডিম্বাণু নিষ্কাষণ সম্ভব হচ্ছে, তাহলে তাতে ক্ষতিকর কিছু থাকার কথা নয়।’

এডিনবরা ও নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে ইঁদুরের উপর প্রথম এই গবেষণার শুরু হয়েছিল। সাফল্য মিলতেই তা মানুষের ক্ষেত্রে প্রয়োগ করা হয়।

বিশ ও তিরিশের কোঠায় রয়েছেন, এমন ১০ জন মহিলার ডিম্বাশয় থেকে কোষ সংগ্রহ করা হয়। চার ভাগে বিভিন্ন প্রক্রিয়ায় সেই কোষকে ডিম্বাণুতে পরিণত করা হয়।

সফলভাবে পরীক্ষার চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় ৪৮টি ডিম্বাণু। পূর্ণাঙ্গ অবস্থায় যায় ৯টি ডিম্বাণু। এভলিন অবশ্য জানান, চিকিৎসাক্ষেত্রে প্রয়োগ করার আগে আরও বহু পথ পেরোতে হবে।

  •  
  •  
  •  
  •