খাদ্য গবেষণাগার সংক্রান্ত জাতীয় কর্মশালায় শেকৃবি শিক্ষকের অংশগ্রহণ
মোঃ আব্দুল্লাহ আল জাবেরঃ
বাংলাদেশে উৎপাদিত খাদ্যপণ্যের গুণগতমান আন্তর্জাতিকমানে উন্নীত করার লক্ষ্যে বিদ্যমান খাদ্য পরীক্ষাগারগুলোর (Food Testing Laboratories) আধুনিকায়ণ ও অবকাঠামোগত উন্নয়নে করণীয় নির্ধারণের জন্য বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি), বাংলাদেশ নিরাপদ খাদ্য কতৃপক্ষ এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) এর উদ্যোগে আজ (২২ ফেব্রুয়ারি) ঢাকায় এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর আবদুল গণি রোডে অবস্থিত বিদ্যুৎ ভবনের ১৫তম তলায় মুক্তিহলে ‘‘বাংলাদেশের খাদ্য পরীক্ষাগার সম্পর্কিত কর্মশালা (Bangladesh Food Laboratories Conclave)’’ শীর্ষক দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বিকেল ৩ টায় এর সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী অ্যাড্ভোকেট কামরুল ইসলাম এম.পি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন FAO এর বাংলাদেশ প্রতিনিধি।
কর্মশালায় খাদ্য পরীক্ষাগার, গবেষণাগার, মানবিষয়ক নীতি নির্ধারক সংস্থা ও উন্নয়ন সহযোগি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদসহ দুই শতাধিক প্রতিনিধি অংশ নেন। তারা দিনব্যাপী বিভিন্ন কারিগরি অধিবেশনে দেশের খাদ্য পরীক্ষাগার ও গবেষণাগারগুলোর সক্ষমতা ও দূর্বলতা চিহ্নিত করার পাশাপাশি এগুলোকে আন্তর্জাতিকমানে উন্নীত করার কর্মকৌশল নির্ধারণ করেন। এর ফলে বাংলাদেশে নিরাপদ খাদ্যের সরবরাহ বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মেডিসিন এন্ড পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান ডঃ কে, বি, এম, সাইফুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদ হিসেবে অংশগ্রহণ করেন।

