উড়িয়ে আনা ফুসফুস দিয়ে সফল অস্ত্রোপচার
নিউজ ডেস্ক: এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে, কানাডার টরন্টো শহরে চলতি বছরের সেপ্টেম্বরের শেষের দিকে ড্রোন দিয়ে রোগীর শরীরে প্রতিস্থাপনের জন্য ফুসফুস উড়িয়ে নিয়ে গেল হাসপাতাল কর্তৃপক্ষ।সফল অস্ত্রোপচারের পর ওই রোগী বর্তমানে সুস্থ আছেন বলেও জানা গেছে।
ড্রোনে ফুসফুস পরিবহন করে এনে প্রতিস্থাপনের ঘটনা এই প্রথম।এর আগে ২০১৯ সালের এপ্রিলে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে একই ধরনের ঘটনা ঘটেছিল। তবে সেবার ড্রোনে উড়িয়ে আনা হয়েছিল কিডনি।যানজট এড়িয়ে দ্রুততম সময়ে মানব অঙ্গ স্থানান্তর করার জন্যই হাসপাতালগুলো ড্রোন ব্যবহার শুরু করেছে।
কিউবেকভিত্তিক প্রতিষ্ঠান ইউনিদার বায়োইলেকট্রনিকস ওই কার্বন ফাইবার ইলেকট্রিক ড্রোন নির্মাণ করেছে। স্বচালিত হলেও চিকিৎসক আর প্রকৌশলীরা উড্ডয়নের পর ড্রোনটির ওপর সতর্ক দৃষ্টি রেখেছিলেন।
এএফপি আরোও জানায়, টরন্টোর ওয়েস্টার্ন হাসপাতাল থেকে ফুসফুস উড়িয়ে নেওয়া হয় এক কিলোমিটার দূরের টরন্টো জেনারেল হাসপাতালে। সাড়ে ১৫ কেজি ওজনের ড্রোনটির ওই পথ পাড়ি দিতে সময় লেগেছে ১০ মিনিটের কম।
ইউনিদার বায়োইলেকট্রনিকসের প্রকৌশলী মাইকেল কার্ডিয়াল জানিয়েছেন,ড্রোনের সঙ্গে যুক্ত একটি হিমায়িত কালো কনটেইনারের ভেতর ফুসফুসটি রাখা ছিল। ওই হিমায়িত কনটেইনার ফুসফুসের তাপমাত্রা ঠিক রাখতে সাহায্য করেছে
যাঁর শরীরে ফুসফুসটি প্রতিস্থাপন করা হয়েছিল তিনি পেশায় একজন প্রকৌশলী। অস্ত্রোপচারের দুই দিন পরে অনেকটাই সেরে ওঠেন ৬৩ বছর বয়সী এই ব্যক্তি।
সূত্র : এএফপি

