দল থেকে বাদ পড়ায় কেঁদে ফেললেন আহমেদ শেহজাদ
ক্রিড়া প্রতিবেদক:
পাকিস্তানি ওপেনার আহমেদ শেহজাদকে শৃঙ্খলাজনিত কারণে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টির জন্য ঘোষিত দল থেকে বাদ দেওয়া হয়েছে। এতে ভীষণ ভেঙে পড়েছেন তিনি। শোনা যায়, কেঁদেছেনও। পরবর্তীতে, ইংল্যান্ড ছেড়ে লাহোরে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। পাকিস্তানে ফিরে পাকিস্তান ন্যাশনাল টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপে যোগ দেবেন তিনি।
পাকিস্তান ন্যাশনাল টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপে লাহোর ব্লুসের হয়ে খেলা শেহজাদের এক সতীর্থ জানিয়েছেন, টি-টোয়েন্টি দলে নেই শোনার পর খুব ভেঙে পড়েন শেহজাদ, কেঁদে ফেলেন। তিনি বলেন, ‘ম্যাচ শেষে (চতুর্থ ওয়ানডে) সে ব্যপারটা জানতে পারে, এতে সে অনেক ভেঙে পড়ে। রুমের এক কোণায় বসে ছিলেন এবং আমি তার চোখে পানি দেখেছি।’
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আরেকটি সুত্র বলেছে, ‘তিনি (আহমেদ শেহজাদ) তার টিম ম্যানেজমেন্টকে বলেছেন, তিনি এখানে ভালো বোধ করছেন না তাই তার বাড়ি লাহোরে ফিরে যেতে চাচ্ছেন।’
পাকিস্তানের হয়ে ১১টি টেস্ট, ৭৭টি ওয়ানডে ও ৪৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা এই ক্রিকেটারের সাথে সাথে উমর আকমলকেও শৃঙ্খলাজনিত কারণে দলে রাখা হয়নি। আকমল বোর্ডের কাছে ক্ষমা চাইলেও প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক সাফ জানিয়ে দিয়েছেন শুধু ভালো ক্রিকেটার হলেই হবে না, তাকে অবশ্যই ভালো ব্যবহারের অধিকারী ও দলের প্রতি শৃংখল হতে হবে।
সূত্র: ডন

