বাংলাদেশের বিপক্ষে সতর্ক ইংল্যান্ড

খেলাধুলা ডেস্ক:
তিন ম্যাচের ওয়ানডে আর দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ইংল্যান্ড দল। কিন্তু পুরনো স্মৃতি এখনো অমলিন। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপেও বাংলাদেশের কাছে হেরেছে ইংলিশরা। পুরনো ক্ষতটা এখনও দগদগে। এবারের সিরিজে তাই সতর্ক জস বাটলার-মঈন আলীরা।

ঘরের মাঠের পরিচিত কন্ডিশন বলে আগে থেকেই এগিয়ে থাকবে বাংলাদেশ। তার উপর সর্বশেষ ম্যাচে ইংল্যান্ডকে হারানোর সুখস্মৃতি আর আফগানিস্তান সিরিজে ভালো করতে পারলে বাড়তি আত্মবিশ্বাস পাবে মাশরাফি বিন মুর্তজা-মুশফিকুর রহিমের দল। অন্যদিকে, ভারত সিরিজের আগে বাংলাদেশের বিপক্ষে জয় চায় ইংল্যান্ড, কিন্তু সতর্ক তারা।

দলের গুরুত্বপূর্ণ সদস্য অলরাউন্ডার মঈন আলী বলেছেন, ‘আমরা বাংলাদেশের ব্যাপারে খুবই সতর্ক। তারা অস্ট্রেলিয়াতে (ওয়ানডে বিশ্বকাপ) আমাদেরকে হারিয়েছিলো। আমরা জানি তারা খেলতে পারে। কিন্তু আমরাও এখন সম্পূর্ণ পরিবর্তিত একটি দল।’

উপমহাদেশে স্পিন গুরুত্বপূর্ণ শক্তি। সেভাবেই দল সাজিয়েছে ইংল্যান্ড দলের নির্বাচকরা। মঈন আলীসহ দলে ভেড়ানো হয়েছে জাফর আনসারিকে। এছাড়া ১১ বছর পর টেস্টে প্রত্যাবর্তন ঘটেছে ৩৮ বছর বয়সী গ্যারেথ বাট্টি।

তারপরও দায়িত্ব বাড়ছে মঈন আলীর। বাড়তি প্রত্যাশা রয়েছে তার উপর। নিজেও মানছেন সেটা। আশাবাদী ভালোকিছু করার। বাংলাদেশ ও ভারত সিরিজকে কেন্দ্র করে বলেছেন, ‘বাংলাদেশ ও ভারতের কন্ডিশন আমার খেলার ধরণের সঙ্গে বেশি মানানসই বলে আমিও মনে করি আমার একটা পর্যায়ে বড় ভূমিকা নিতে হবে। আশা করছি, আমি সেই দায়িত্ব পালন করতে পারবো এবং আমার দলের সিরিজ জয়ে বড় ভূমিকা রাখতে পারবো।’

  •  
  •  
  •  
  •  

Tags: