এবার রেস্টুরেন্ট ব্যবসায় শামসুর রহমান শুভ
নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে অনেকেই ক্যারিয়ার চলাকালীনই ব্যবসায় নাম লিখিয়েছেন। সাবেকরা তো আছেনই। কয়েক বছর আগে রাজধানীর সবুজবাগে চাইনিজ রেস্টুরেন্ট ‘সিচুয়ান’ দিয়ে আত্মপ্রকাশ করেছিলেন মোহাম্মদ আশরাফুল। রেস্তোরাঁ ব্যবসায় জড়িয়েছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও। এবার রেস্তোরাঁ ব্যবসায় নাম লেখালেন জাতীয় দলের তারকা ওপেনার শামসুর রহমান শুভ।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ১ নং গেটের একটু সামনে রেস্টুরেন্ট খুলেছেন শুভ। নাম দিয়েছেন ‘কাবাব হাট রেস্টুরেন্ট’। আজ বুধবার রাত ১০টায় রেস্টুরেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এমন তথ্যই নিশ্চিত করেছেন শামসুর রহমান।
জাতীয় দলে ‘উপেক্ষিত’ এই ক্রিকেটার আরো জানান, আফগানিস্তানের বিপক্ষে সিরিজকে সামনে রেখে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ দিবারাত্রির প্রাকটিস ম্যাচ খেলছেন মাশরাফি-সাকিব-মুশফিক-তামিম-মাহমুদউল্লাহরা। ম্যাচ শেষে শুভর রেস্টুরেন্টে যাবেন জাতীয় দলের ক্রিকেটাররা। তাদের উপস্থিতিতেই কাবাব হাট রেস্টুরেন্টটির শুভ উদ্বোধন করা হবে।


