পয়ত্রিশে পা রাখলেন টেনিস কিংবদন্তি সেরেনা ‍উইলিয়ামস

স্পোর্টস ডেস্ক:
আরও একটি বছর পার করে ফেললেন সেরেনা ‍উইলিয়ামস। সোমবার, ২৬ সেপ্টেম্বর পয়ত্রিশে পা রাখলেন আমেরিকান টেনিসের জীবন্ত এই কিংবদন্তি।

তবে সেরেনা উইলিয়ামসের কাছে বয়সটা যেন শুধুই একটি সংখ্যা!

কেননা মাত্র ১৪ বছর বয়সে যার পেশাদার টেনিসে অভিষেক সেই সেরেনাই এখনও প্রতিপক্ষের হুমকির নাম! প্রায় দুই দশক টেনিস কোর্টে অতিবাহিত করেছেন। জিতেছেন ২২টি গ্র্যান্ডস্লাম। ৭১টি ডব্লিউটিএ শিরোপা নিজের শোকেসে তুলেছেন তিনি। অবিশ্বাস্যই!

এ মৌসুমেও টেনিস কোর্টে দুর্দান্ত লড়াই করেছেন সেরেনা উইলিয়ামস। উইম্বল্ডন জিতে টেনিসের উন্মুক্ত যুগে সর্বোচ্চ গ্র্যান্ডস্লামজয়ী জার্মান কিংবদন্তি স্টেফি গ্রাফের রেকর্ডেও ভাগ বসিয়েছেন এই কৃঞ্চকলি। আর মাত্র একটি গ্র্যান্ডস্লাম জিততে পারলে ওপেনযুগে সর্বোচ্চ গ্র্যান্ডস্লামজয়ীর রেকর্ডটাও নিজের করে নিবেন সেরেনা। তবে আমেরিকান তারকার চোখ ২৩তম গ্র্যান্ডস্লামে নয়। সম্প্রতি তার কোচ জানান, ৩০টি গ্র্যান্ডস্লাম জিতেই অবসরের চিন্তা-ভাবনা করবেন সেরেনা।

এই মুহূর্তে ইনজুরিতে ভুগছেন সেরেনা। যে কারণে উহান ওপেনে খেলছেন না তিনি। নাম প্রত্যাহার করে নিয়েছেন চীনা ওপেন থেকেও। তবে মৌসুমের শেষ টুর্নামেন্ট ডব্লিউটিএ ফাইনালসে খেলবেন আমেরিকান টেনিস তারকা।

  •  
  •  
  •  
  •  

Tags: