অধিনায়কের দায়িত্বে দুই বছরে মাশরাফি

খেলাধুলা ডেস্ক:
ঠিক দু’বছর আগে ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ ক্রিকেটে এসেছিল এক পরিবর্তন। কিছুটা আলোচিত কিছুটা সমালোচিত সেই পরিবর্তনের নাম মাশরাফি বিন মুর্তজা। কি হবে, কেমন হবে, ইনজুরি নিয়ে দল সামলাতে পারবেন তো? এমন সব প্রশ্ন সামনে রেখেই ঠিক দু’বছর আগে দ্বিতীয় বারের মতো তার কাঁধে উঠেছিল বাংলাদেশ ক্রিকেট দলের দায়িত্ব। এরপরেই যেন বাংলাদেশ ক্রিকেট পাল্টে যেতে লাগলো একটু একটু করে।

গেল দুই বছরে মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেটে এসেছে অভাবনীয় কিছু সফলতা। দেশের মাটিতে তার নেতৃত্বে বাংলাদেশ হারিয়েছে ক্রিকেটের শীর্ষ দেশ ভারত, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তানকে। এছাড়া আছে জিম্বাবুয়েকে ৫-০ ব্যবধানে হোয়াইট ওয়াশ করার রেকর্ড।

২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর দলের দায়িত্ব নেওয়ার পরে সে বছর ডিসেম্বরেই প্রথম মুখোমুখি হয় জিম্বাবুয়ের। আর সেখান থেকেই শুরু হয় মাশরাফির অধিনায়কত্বের দ্বিতীয় ধাপ। আর নিজের অধিনায়কত্বের দ্বিতীয় ধাপের প্রথম সিজিরই জিতে নেয় ৫-০ ব্যবধানে।

এরপর পরই মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ দল মুখোমুখি হয় পাকিস্তানের। সেখানেও আসে সফলতা। পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হোয়াইট ওয়াশ করে বাংলাদেশ। দেশের মাটিতে মাশরাফির নেতৃত্বে সব থেকে সফলতা আছে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়। মহা পরাক্রমশালী ভারতকে ২-১ ব্যবধানে। ছাড় দেওয়া হয়নি দক্ষিণ আফ্রিকার মতো দলকেও। তাদেরকেও ২-১ ব্যবধানে হারিয়ে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ।

তবে দেশের বাইরে তার নেতৃত্বে এসেছে বাংলাদেশ ক্রিকেটের সব থেকে বড় সাফল্য। আইসিসি বিশ্বকাপে তার হাত ধরেই বাংলাদেশ পৌঁছেছে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত। ইংল্যান্ডের মতো দলকে হারিয়ে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ।

তবে প্রথমবার অধিনায়কের দায়িত্ব পেয়ে ইনজুরির কারণে বেশি দিন সামলে রাখতে পারেননি নিজের পদ। ২০০৯ সালের ২৩ জুন দায়িত্ব পাওয়ার পরে ১২ জুলাইতেই তাকে সে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু বার বার ইনজুরি থেকে ফিরে বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে যাচ্ছেন নতুন দিগন্তে।

তার নেতৃত্বে বাংলাদেশ খেলেছে ২৫টি ম্যাচ এর মধ্যে ১৯টিতেই জিতেছে।

  •  
  •  
  •  
  •  

Tags: