আরও ১০ বছর খেলবেন ক্রিশ্চিয়ানো রোনালদো

খেলাধুলা ডেস্ক:
ম্যানচেস্টার ইউনাইটেড কিংবা রিয়াল মাদ্রিদ উভয় ক্লাবেই সফল ক্রিশ্চিয়ানো রোনালদো। সম্প্রতি দেশের জার্সিতেও সাফল্য পেয়েছেন সিআর সেভেন। প্রথমবারের মতো পর্তুগালকে ইউরোপ সেরার মুকুট পড়াতে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন রিয়াল মাদ্রিদের এই তারকা ফুটবলার।

ক্রিশ্চিয়ানো রোনালদোর অপ্রাপ্তি বলতে এখন শুধু বিশ্বকাপটাই। তবে, কেউ যদি ভাবেন ক্রিশ্চিয়ানো রোনালদো আত্মতুষ্ট হয়ে পড়েছেন কিংবা তার সাফল্যের খিদে কমে গেছে তাহলে অনেক বড় ভুল করবেন। কেননা তিনবারের ফিফা বর্ষসেরার পুরস্কার জয়ী বর্তমান ফুটবলের মহাতারকা অকপটেই স্বীকার করেছেন যে, খুব দ্রুতই ফুটবল থেকে সরে দাঁড়ানোর কোন পরিকল্পনাই তার নেই। আরও দশ বছর খেলতে চান তিনি।

লিসবনে নিজের দ্বিতীয় হোটেলের উদ্বোধনের সময় ৩১ বছরের রোনালদো বলেন, ‘জীবন মানে শুধুই ফুটবল নয়। তবে, এটাও আমি অস্বীকার করতে পারব না যে ফুটবল আমার কাছে বিরাট এক নেশা। ভবিষ্যতের ভাবনা শুরু করতে হলে এটাই শুধু বলতে চাই, হয়ত আর দশটা বছর!‌ বা তারও কম।’

সাত মৌসুম আগে সান্তিয়াগো বার্নাব্যুতে নতুন করে ঠিকানা গড়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এরপর আর পেছনের দিকে ফিরে তাকাতে হয়নি তাকে। রোনালদোর গল্পে যোগ হয়েছে শুধুই সাফল্য। গত মৌসুমেও ক্লাবকে ইউরোপ সেরার মুকুট পড়িয়েছেন তিনি। এবারও দুর্দান্ত শুরু করে তার দল। যদিওবা শেষ চার ম্যাচে ড্র করে লা লিগায় দ্বিতীয় স্থানে ছিটকে পড়েছে রিয়াল মাদ্রিদ।

  •  
  •  
  •  
  •  

Tags: