পাঁচ হাজার রানের মাইলফলকে তামিম
ক্রিড়া প্রতিবেদক:
এমনিতেই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামটা তামিম ইকবাল খানের জন্য পয়া ভেন্যু। তামিমই এই মাঠে ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক। এবার নিজের শহরের সেই মাঠেই পাঁচ হাজার রানের মাইলফলকে পৌঁছে গেলেন তিনি।
বুধবার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে প্রথমে ব্যাট করতে নেমে তামিম ক্রিস ওকসের করা ২২ তম ওভারের পঞ্চম বলে পুল করে চার হাঁকিয়ে এই কীর্তি গড়েন তিনি। এই তামিমই ওয়ানডে ক্রিকেটে প্রথম বাংলাদেশি যার ব্যাট থেকে এসেছে পাঁচ হাজার রান।
এর বাদে ওয়ানডে ক্রিকেটের চার হাজারী রানের ক্লাবে আছেন দু’জন বাংলাদেশি। তারা হলেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।
ওপেনিং জুটিতে ইমরুল কায়েসের সাথে জুটি বেধে ৮০ রান যোগ করেন তামিম ইকবাল। ইংল্যান্ডের বিপক্ষে এটাই বাংলাদেশের ওপেনিংয়ে সর্বোচ্চ রানের জুটি।
আউট হওয়ার আগে তামিমের ব্যাট থেকে আসে ৪৫ রান। লেগ স্পিনার আদিল রশিদের করা ইনিংসের ২৩ তম ওভারের পঞ্চম বলে কভারে জেমস ভিন্সের হাতে ক্যাচ তুলে সাজঘরে ফেরেন বাঁ-হাতি এই ব্যাটসম্যান।

